সরকারি চাকরিজীবী বন্দোবস্ত পেলেন কৃষি খাসজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পিয়ন ও তাঁর স্ত্রীর নামে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, সরকারি চাকরিজীবী হওয়ায় তাঁর কৃষি খাসজমি বন্দোবস্ত পাওয়ার কথা নয়। একটি অকৃষি খাসজমির (ভিটা শ্রেণীর) শ্রেণী পরিবর্তন করে কৃষিজমি হিসেবে তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভংগারচর মৌজার বিএস ৩২ নম্বর দাগে ৮ শতক খাসজমি আছে। গত ২ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মচারী (পিয়ন) সিরাজুল ইসলাম এবং তাঁর স্ত্রী পেয়ারা বেগমের নামে ৪ শতক করে মোট ৮ শতক জমি বন্দোবস্ত দেন।
শ্রেণী পরিবর্তন করে এক দিনেই ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কথা বলতে আবদুল মতিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়ার নীতিমালা অনুযায়ী, ভূমিহীন কৃষকদেরই কৃষি খাসজমি বন্দোবস্ত দিতে হবে। খাসজমি বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা ভূমি কার্যালয় দরখাস্ত আহ্বান করবে। এরপর প্রকৃত ভূমিহীনেরা ইউনিয়ন বা উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা ভূমি কমিটি আবেদনগুলো যাচাই করে ভূমিহীন চিহ্নিত করে নাম ইউএনওর কাছে প্রস্তাব করবে। ইউএনও ওই প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। প্রস্তাব পাওয়ার ৩০ দিনের মধ্যে তা জেলা ভূমি কমিটিতে পাঠানো হবে। এ কমিটির অনুমোদনের পর তা সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো হবে।
সিরাজুল ইসলামকে জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে এসব নীতিমালা মানা হয়নি। কৃষক না হওয়া সত্ত্বেও তাঁকে কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ভংগারচর এলাকার বাসিন্দা না হলেও তাঁকে ওই এলাকার বাসিন্দা হিসেবে জমি দেওয়া হয়েছে। জমির শ্রেণী পরিবর্তন করার পর বন্দোবস্ত দিতে সময় লাগে। অথচ সিরাজুল ইসলামকে একই দিন শ্রেণী পরিবর্তন (২ অক্টোবর) করে বন্দোবস্ত দেওয়া হয়েছে।
জমি বন্দোবস্ত নেওয়ার কথা স্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, ‘স্যারে (ইউএনও) আমারে একটু জায়গা পাওয়ার ব্যবস্থা করে দিছে। আমার বাড়ি মেঘনা থানার মুগেরচর গ্রামে। জমি পাওয়নের লাইগা আবেদনের কাগজে ভংগারচর দিয়াছি।’ ২৮ অক্টোবর ভংগারচর গ্রামে দিয়ে দেখা যায়, হোমনা-টেকেরবাজার পাকা সড়কের পাশে আবদুল লতিফের (৭০) বাড়ির পশ্চিম পাশে মাঠের মধ্যে একটি ভিটা। সেই ভিটায় একটি পূজামণ্ডপ।
বৃদ্ধ আবদুল লতিফ বলেন, প্রতিবছর এ জায়গায় হিন্দুসম্প্রদায় কালীপূজা করে।
উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা ফকর উদ্দিন বলেন, ‘ইউএনও স্যারের কথায় ভিটি প্রকৃতির জায়গার শ্রেণী পরিবর্তন করে কৃষি জমি হিসেবে বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব দিয়েছি।’
কুমিল্লা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও সদ্য বিদায়ী হোমনার ইউএনও মো. হেলাল হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমি এবং এসিল্যান্ড সরেজমিনে পূজামণ্ডপের কোনো চিহ্ন পাইনি কিংবা এলাকার কেউ কিছু বলতে পারেনি। একই তারিখে কীভাবে জমির শ্রেণী পরিবর্তন করা হলো এবং বন্দোবস্ত দেওয়া হলো, এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় ভালো বলতে পারবেন।’
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘খাস জায়গা বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আমার জানা নেই। কোনো বেআইনি প্রক্রিয়ায় জায়গা বন্দোবস্ত দেওয়া হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’