সরকারি চাকরিতে কোটা সরলীকরণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে প্রচলিত কোটা নীতিমালা প্রয়োগে জটিলতার কথা উল্লেখ করে এ পদ্ধতি সরলীকরণের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংসদকার্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা, মহিলা, উপজাতি প্রাধিকার কোটাসমূহ জাতীয় পর্যায়ে বণ্টন করা যেতে পারে। অর্থাত্ উক্ত প্রাধিকার কোটাসমূহকে পুনরায় জেলা/বিভাগভিত্তিক ভাগ করা যাবে না বা জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্য পদের সর্বোচ্চ সংখ্যা দ্বারা সীমিত করা যাবে না। এ ধরনের কোটার পদসমূহ জাতীয়ভিত্তিক নিজস্ব মেধাক্রম অনুযায়ী উক্ত কোটায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বণ্টন করা যেতে পারে।’কোটা বণ্টন নীতিমালার বাধ্যবাধকতার কারণে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতি কোটায় প্রার্থী না পাওয়ার পরিপ্রেক্ষিতে কিছু ক্যাডারে নিয়মানুগভাবে পদ সংরক্ষণ করতে হয়।কোটা বণ্টনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, কমিশন মনে করে বর্তমান কোটাসংক্রান্ত নীতিমালার প্রয়োগ অত্যন্ত জটিল, দুরূহ ও সময়সাপেক্ষ। প্রচলিত পদ্ধতির জটিলতার কারণে উপযুক্ত প্রার্থী নির্বাচন শতভাগ নিখুঁতভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব।প্রতিবেদনে বলা হয়, বিবিধ ক্যাডার, প্রার্থীদের বিবিধ চাকরির পছন্দক্রম ও বিবিধ কোটার সঙ্গে বিভিন্ন জেলা ও বিভাগের জন্য আরোপিত সংখ্যাগত সীমা এমন একটি জটিলতার সৃষ্টি করেছে, যার নির্ভুল সমাধান নির্ধারিত সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব। এ পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে, বিসিএস পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য বর্তমানে প্রচলিত কোটা প্রয়োগ পদ্ধতির সরলীকরণ অপরিহার্য।প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ে নির্ভুলভাবে বিসিএস পরীক্ষাসহ নন-ক্যাডার, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে কোটা প্রয়োগ পদ্ধতি সহজ করা প্রয়োজন। অন্যথায় কোটা প্রয়োগসংশ্লিষ্ট জটিলতা থেকে উত্তরণ সম্ভব নয়।প্রতিবেদনে বলা হয়েছে, বিসিএসসহ বিভিন্ন পরীক্ষায় ২০০৯ সালে তিন লাখ ৬১ হাজার ১৩০ জন প্রার্থীর পরীক্ষা নিয়েছে পিএসসি। এ সময়ে বিসিএসসহ ৮৮টি পরীক্ষা নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৬৯টি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।