সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ চট্টগ্রাম শাখার ব্যানারে গতকাল শনিবার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজটের কবল থেকে মুক্তি পাচ্ছেন না। রাজনৈতিক অস্থিতিশীলতা ও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে, শিক্ষাজীবন শেষ করতে একজন শিক্ষার্থীর ২৮ থেকে ২৯ বছর লেগে যায়। এতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা।
বক্তারা বলেন, গত বছরের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। এ প্রস্তাব যুগোপযোগী ও যুক্তিসংগত। তাই ৩৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সংসদের চলতি অধিবেশন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হচ্ছে। দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, পৃথিবীর অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত রাখা হয়েছে। পাশের দেশ ভারতে তা ৩৫ বছর। তাই সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর এবং মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আনুপাতিক হারে বয়স বৃদ্ধি করা প্রয়োজন।
তাঁরা আরও জানান, ২০১১ সালের ২৬ ডিসেম্বর সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। এতে যেসব সরকারি পদ খালি হওয়ার কথা, তা হচ্ছে না। এ কারণে লাখ লাখ বেকার শিক্ষার্থীর চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাবে।
সংগঠনের আহ্বায়ক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মো. ইকবাল, কে বি নুরুল ইসলাম, কাজী রিয়াদ, আবুল কালাম, মো. আরিফ, নিউটন, নোমান, গিয়াস উদ্দিন প্রমুখ।