
বিসিএসসহ (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। এই দাবিতে তারা গতকাল শুক্রবার বিকেলে শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে।
তবে বিক্ষোভকারীরা একপর্যায়ের শাহবাগে মোড়ের সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাসসহ ১৩ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই পথে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছেন। কিন্তু তাঁদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তাঁরা বলছেন, দাবি মানা না হলে প্রয়োজনে তাঁরা অনশন করবেন।
সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, জন্মনিবন্ধন বাধ্যতামূলক না হওয়ায় আগে ১৪ বছরে এসএসসি পাস করা যেত। অনার্স কোর্স ছিল তিন বছরের। আর ডিগ্রি কোর্স ছিল দুই বছরের। ফলে ১৮ অথবা ১৯ বছরে স্নাতক শেষ করা যেত। আর এখন এসএসসি দিতে হয় ১৬ বছর বয়সে। ফলে শিক্ষা লাভে দীর্ঘ সময় লাগছে।