সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিসিএসসহ সরকারি সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। এই দাবিতে তারা আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।

কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়েছি, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি। কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমরা এখন অহিংস আন্দোলন করছি। দাবি মানা না হলে প্রয়োজনে আমরা অনশন ধর্মঘটের ডাক দেব। তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ভারতে ৪০, শ্রীলঙ্কায় ৪৫, ইন্দোনেশিয়াতে ৪৫, ইতালিতে ৩৫ এবং যুক্তরাষ্ট্রে চাকরিতে প্রবেশের বয়স ৫৯ বছর।
সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, জন্মনিবন্ধন বাধ্যতামূলক না হওয়ায় ১৪ বছরে এসএসসি পাস করা যেত। আগে ডিগ্রি অনার্স কোর্স ছিল তিন বছরের। আর ডিগ্রি কোর্স ছিল দুই বছরের। ফলে ১৮ অথবা ১৯ বছরে স্নাতক শেষ করা যেত। আর এখন এসএসসি দিতে হয় ১৬ বছর বয়সে। ফলে শিক্ষা লাভে দীর্ঘ সময় লাগছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৯৬ শতাংশ শিক্ষার্থী সেশনজটে পড়ে। এসব কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত।
সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস বলেন, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর। আর এখন ৭১ বছর হলে কত হওয়া উচিত?