সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছে সাধারণ ছাত্র পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন। মানববন্ধনে পরিষদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘সেশনজটে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন বছর বেশি সময় লেগে যায়। এ ছাড়া স্নাতক (সম্মান) পাস করে চাকরির কথা বলা হলেও এখনো অনেক সরকারি চাকরিতে মাস্টার্স পাস ছাড়া আবেদন করা যায় না। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছে। এর ফলে আগামী দুই বছরে যেসব পদ খালি হওয়ার কথা ছিল তা হবে না। এসব বিষয় বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানাচ্ছি।’ মানবন্ধনে আরও বক্তব্য দেন খোরশেদ আলম, জিয়াউর রহমান, মোরশেদুল ইসলাম প্রমুখ।