সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজশাহী।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সনদপত্রের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মেধাবী তরুণেরা বিভিন্ন দেশ থেকে এমফিল, পিএইচডিসহ বিভিন্ন ডিগ্রি নিয়ে ৩০-এর সীমারেখার কারণে সরকারকে কিছু দিতে পারছেন না। কারণ, এসব ডিগ্রি অর্জন করতে বয়স ৩০ অতিক্রম করে যায়। ফলে বড় বড় ডিগ্রি নিয়েও মেধাবীরা দেশের সেবায় যুক্ত হতে পারছেন না। অথচ উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের সীমারেখাকে প্রাধান্য দেয়নি।
বক্তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজটের জাঁতাকলে পিষ্ট। ফলে পড়াশোনা শেষ করে ফলাফল পেতে পেতে চাকরির বয়সের শেষপ্রান্তে চলে আসেন। সরকারি চাকরির ক্ষেত্রে একটি পদের বিপরীতে অনেক প্রতিযোগী থাকেন। তাই পড়াশোনা শেষ করে দু-একটি মৌখিক পরীক্ষা পর্যন্ত গেলেও চাকরি হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যেই দেখা যায়, বেঁধে দেওয়া ৩০ বছর অতিক্রম করে ফেলেন। তখন একধরনের হতাশা কাজ করে। সরকারের উচিত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. শাহজামান রতন, ইংরেজি বিভাগের ছাত্র নজরুল ইসলাম, রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থী তুষার আহমেদ, নাটোর এনএস সরকারি কলেজের শিক্ষার্থী লাকি আক্তার প্রমুখ।