সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সুপারিশ
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আবু তালহা সাংবাদিকদের বলেন, সাধারণ প্রার্থীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার পাশাপাশি কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। বর্তমানে সাধারণ প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের নির্ধারণ করার সুপারিশ করা হয়। এ ছাড়া তৃতীয় শ্রেণীর সাধারণ ও বিশেষায়িত পদে জনবল নিয়োগের যোগ্যতা যুগোপযোগী করার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বরকতউল্লা বুলু, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা এবং জাহানারা বেগম অংশ নেন।