সরকারি চাকুরে, বিএনপির নেতাদের নিয়ে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক ও বিএনপির কমিটিতে থাকা এক নেতা। কমিটিতে স্থান না পাওয়া কয়েকজন অভিযোগ করেছেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন করে দলে ঢোকা নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে।গত শুক্রবার সকালে নগরকান্দা উপজেলা মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভাপতিত্ব করেন উপনেতার ছেলে ও নবগঠিত কমিটির সভাপতি আয়মন আকবর।২৫ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোয়াজ্জেম হোসেন ওরফে সাহেব মিয়া প্রথম আলোকে জানান, নতুন পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে তিনি কিছুই জানেন না। কবে কোন সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, তাও তাঁর জানা নেই। শুক্রবারের সভার ব্যাপারে তাঁকে আগে বা পরে কিছুই জানানো হয়নি।কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনোয়ার হোসেন। তিনি কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়কে দেওয়া হয়েছে সাংস্কৃতিক সম্পাদকের পদ।এ ব্যাপারে মো. মনোয়ার হোসেন বলেন, ‘একটা সুযোগ পেলাম, তাই দলের সাংগঠনিক সম্পাদক হয়েছি।’ সরকারি চাকরি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক শিক্ষক হিসেবে ২৭ বছর পার করেছি। এখন অবসরে যাওয়ার কথা ভাবছি। আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষকতা থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা আছে।’নগরকান্দা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ইউসা মুন্সি আওয়ামী লীগের নতুন কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাবুদ্দিন মেম্বার। তিনি আগে বিএনপি করতেন, গত নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগ দেন।ইউসা মুন্সি নগরকান্দা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে নিশ্চিত করে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী জানান, আওয়ামী লীগের কমিটিতে তিনি আছেন, এমনটি তাঁর জানা নেই।এ ব্যাপারে ইউসা মুন্সি বলেন, ‘এ কথা সত্য, আমি ৩ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম। তবে এখন আমি আওয়ামী লীগ করি। বিএনপির ওই ওয়ার্ড কমিটি থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য পৌর বিএনপিকে মৌখিকভাবে জানিয়েছি।’ঘোষিত কমিটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নগরকান্দা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন জানান, নিবেদিতপ্রাণদের উপেক্ষা করে দলে নতুন যোগ দেওয়া হাইব্রিড লোক দিয়ে মনগড়াভাবে এ কমিটি করা হয়েছে।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নগরকান্দা এমএন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের অজ্ঞতার কারণে দুজন সরকারি চাকুরে কমিটিতে স্থান পেয়েছেন। এ ব্যাপারে সভাপতির সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে ওই দুই পদে নতুন কাউকে নেওয়া হবে।’