সরকারি চাকুরেদের জন্য নভেম্বরে দুটি কমিশন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারদের মধ্যে বেতনবৈষম্য দূর করতে দুটি আলাদা কমিশন গঠন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, একটির নাম ‘পে কমিশন’, যা হবে স্থায়ী। অপরটি ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’। কমিশন দুটি গঠন করা হবে আগামী নভেম্বরের মাঝামাঝি। একই সময়ে বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোও চূড়ান্ত করা হবে।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান।

অর্থমন্ত্রী আরও জানান, পে কমিশন এবং পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে কমিশন স্থায়ী হবে। তবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস, অবশ্য প্রয়োজনে সময় বাড়ানো যাবে।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতনবৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সুপারিশসংবলিত একটি প্রতিবেদন তৈরি করবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন।

অপর এক প্রশ্নের জবাবে আগামী বছরের জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে নির্বাচনের জন্য ৪৫ দিন লাগবে।’