সরকারি চাকরিজীবীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এর ফলে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত ভাতা বাড়বে। পাশাপাশি আমরা পে-কমিশনও ঘোষণা করছি।’
গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও পেশাজীবীদের অধিকার রক্ষার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে ব্যানারে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, মহার্ঘ ভাতার সঙ্গে পে-কমিশনের কোনো সম্পর্ক থাকবে না। এটা এককালীন এবং আলাদাভাবে দেওয়া হবে। বেতন যাতে ধারাবাহিকভাবে বাড়তে পারে, সে জন্য স্থায়ী পে-কমিশন গঠন করার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার যে জনগণের সেবক হতে পারে, সেটা ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখিয়েছে। এবারও ক্ষমতায় এসে সরকারি চাকরিজীবীদের বয়সসীমা বৃদ্ধি করে ৫৯ বছর করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আবারও সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর অন্যান্য সংসদীয় পদ্ধতির দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ ২০০৮ সালে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। জনগণের রায় নিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধান সংশোধনের আগে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ২৭টি বৈঠক করেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁদের মতামত দিয়েছেন। এ-সংক্রান্ত স্থায়ী কমিটিরও মতামত নেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘জনগণ যদি উন্নতি চায়, পেট ভরে খেতে চায়, শান্তিতে থাকতে চায়, তাহলে অবশ্যই আমাদের ভোট দেবে। আর যদি হাওয়া ভবন, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস চায়, তাহলে আমার কিছু করার নেই।’
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘উনি আমাকে চান না বলেছেন। আমি তো এটা জানি। ওনার পুত্রধন ও কেবিনেট মন্ত্রীসহ অন্যরা আমাকে হত্যা করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। কোটালীপাড়ায় আমার সমাবেশে বোমা পুঁতে রাখা হয়েছিল। চট্টগ্রামে ১৯৮৮ সালে আমার মিছিলে যার নেতৃত্বে গুলি করা হয়েছিল, তাঁকে পরে প্রমোশন দেওয়া হয়েছে। ওনার জন্মদিন ৫ সেপ্টেম্বর। কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। এগুলো থেকেই বুঝিয়ে দিয়েছেন, উনি আমাকে চান না।’
প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে হায় হায় রব পড়ে গেছে। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তো চলছে। সেখানে তো অ্যাসিড বৃষ্টি হয়নি, মানুষ মরেনি। সেখানে কৃষকেরা উৎপাদন করছেন। লোকালয়ে করার পরও কি ক্ষতি হয়েছে? আর রামপাল তো নদীর পাড়ে। এর পরও হায় হায় কেন? উদ্দেশ্যটা কী?’
রামপালের বিরোধিতাকারীদের বড়পুকুরিয়ার বিদ্যুৎকেন্দ্র দেখে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা জানি, কোথায় কী করতে হবে। সুন্দরবনের ক্ষতি আমরা নিশ্চয় চাই না। আওয়ামী লীগ সরকারই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। আমাদের চেয়ে সুন্দরবন নিয়ে কেউ বেশি কাজ করেনি।’
বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী লাফান। আসলে উনি বন্ধ করতে পারেন। কারণ, আমরা যেসব বিদ্যুৎকেন্দ্র চালু করেছিলাম, ২০০১ সালের পর তাঁরা সেগুলো বন্ধ করে দিয়েছিলেন।’ তিনি বলেন, বিএনপি এসে নারীদের তেঁতুল তত্ত্ব দিয়ে ঘরে পাঠিয়ে দেবে। তখন দেশ আর এগোবে না। ক্লাস ফোরের বেশি পড়তে পারবে না মেয়েরা।
সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহ্উদ্দীন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রমুখ।