সরকারি চাকুরেদের বিচার আগে করতে হবে: সাকা চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, ‘দিল্লি চুক্তি করে ১৯৫ জনকে পাকিস্তানে দিয়ে আসা হয়েছিল। তাঁদের বিচার আগে হওয়া দরকার। তারপর যাঁরা নয় মাস ইয়াহিয়া সরকারের অধীনে চাকরি করেছেন, তাঁদের। বর্তমান সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীও আছেন এই দলে। তিনি ১৯৭১ সালের জুলাই পর্যন্ত ইয়াহিয়ার বেতন খেয়েছেন। এরপর আমাদের করেন। আমরা তো পালিয়ে যাচ্ছি না।’সাকা চৌধুরী গতকাল মঙ্গলবার তাঁর চট্টগ্রামের গুডস হিলের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল চট্টগ্রামে গিয়ে প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা পেয়েছে।তিনি যুদ্ধাপরাধে অভিযুক্ত নন দাবি করে সাকা চৌধুরী বলেন, ‘আমার বাবা মুসলিম লীগ করতেন। আমি তখন কোনো রাজনীতি করতাম না। তখন আমাদের বাসায় শেখ সেলিম, আনোয়ার হোসেন মঞ্জু, ছাত্রলীগের নেতা আবদুর রউফের আড্ডা ছিল। “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” আমিও স্লোগান দিয়েছি।’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে, তারা সবাই বলেছে, “শুনেছি”। কেউ “দেখেছি” বলেনি। চট্টগ্রাম বন্দরের ট্রানজিটের বিরোধিতা করায় আমি সরকারের টার্গেট হয়েছি।’সাকা চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে আবারও প্রশ্ন তুলে বলেন, ‘আমি এটাকে আইন হিসেবে মানি না, আদালত হিসেবেও মানি না।’ তিনি ড. কামাল হোসেনের বিচার দাবি করে বলেন, ‘একজন আইনজীবী হয়ে তিনি কীভাবে ১৯৫ জনকে পাকিস্তানে ফেরত যেতে দিয়ে সংবিধান লঙ্ঘন করলেন? তাঁর বিচার আগে হওয়া দরকার। তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।’