দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানভিত্তিক সরকারি চাকুরেদের সম্পদ বিবরণী দাখিল, যাচাই ও সংরক্ষণের জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। চাকুরেদের সম্পত্তিবিষয়ক তথ্য যাচাই ও সম্ভাব্য অস্বাভাবিক আয়ের উৎস চিহ্নিত করার উপায় নিয়ে সুপারিশ করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ১৬ লাখ কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে সম্পদ বিবরণী নেওয়া হলেও তা এখনো পর্যালোচনা করা হয়নি। তা আদৌ করা হবে কি না তাও অনিশ্চিত। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রশাসনে দুর্নীতি বন্ধ এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে আয়কর রিটার্নের বাইরেও কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া হবে। এসব হিসাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আধুনিক প্রযুক্তির ডেটা বেইজে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে তা যাচাই করা হবে। অস্বাভাবিক কোনো আয় লক্ষ্য করা গেলে সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সচিব জানান, সংস্থাপন মন্ত্রণালয়ের নেতৃত্বে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, অর্থ বিভাগের প্রতিনিধি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (সংগঠন ও ব্যবস্থাপনা) সদস্য হিসেবে রাখা হয়েছে। পাঁচ বছর পরপর হিসাব বিবরণী দাখিলের যে নিয়ম রয়েছে, সেটি বহাল থাকবে নাকি বছর বছর নতুন করে হিসাব নিয়ে তা যাচাই করা হবে, এ কমিটি তা ঠিক করবে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের এক নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আয়কর রিটার্ন দাখিলের বাইরেও নিজ নিজ মন্ত্রণালয়ের কাছে সম্পদ বিবরণী জমা দেন। দুর্নীতি দমন কমিশনের পরামর্শে মন্ত্রিপরিষদ বিভাগ তা করার নির্দেশ দিয়েছিল। কথা ছিল সম্পদ বিবরণী যাচাই করে অবৈধ সম্পদ অর্জনের ঘটনা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তিন বছরের বেশি সময় চলে গেলেও তখনকার কারও বিবরণীই যাচাই করা হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব ইকবাল মাহমুদ বলেন, ২০০৮ সালে যখন সম্পদ বিবরণী নেওয়া হয়েছিল তখন তিনি এ দায়িত্বে ছিলেন না। তাই সেগুলো সম্পর্কে তাঁর কিছু জানা নেই।