সরকারি চারটি গাছ কাটলেন প্রভাবশালী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সরকারি জায়গার চারটি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। এলাকাবাসী ও ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই-লাউবিল রাস্তার পাশের চারটি রেইনট্রি গাছ কেটে নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. সাইদুজ্জামান ও তাঁর সহযোগীরা। গাছ চারটির দাম হবে প্রায় ৬০ হাজার টাকা।এলাকাবাসীর ভাষ্য, তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলীরগাঁও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাইদুজ্জামানসহ তাঁর চার সহযোগীকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় সাইদুজ্জামান গাছ কেটে ভুল করেছেন বলে স্বীকার করেন। গাছের উপযুক্ত দাম দিয়ে দেবেন বলেও তিনি তদন্তকারী কর্মকর্তাদের কাছে অঙ্গীকার করেন। ভূমি অফিসের কর্মকর্তারা কাটা গাছ উপজেলা সদরে নিয়ে যাওয়ার জন্য ট্রাক আনতে গেলে সাইদুজ্জামানের লোকজন কৌশলে সেগুলো সরিয়ে ফেলেন এবং নিজেরাও পালিয়ে যান। পরে গাছ ছাড়াই ফিরতে হয় কর্মকর্তাদের।সাইদুজ্জামান গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে।