সরকারি জমি ইজারায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে দরিদ্র ভূমিহীন ব্যক্তিদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিদের নামে কৃষিজমি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলা ভূমি দপ্তরের কানুনগো (এখন পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত) বেলায়েত হোসেন ও জরিপকারী (সার্ভেয়ার) আবদুল হক গাজী প্রতিটি ইজারার জন্য ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। কৃষিজমি ইজারায় অনিয়মের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে হলদিয়া ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম ও মিলন সরদার লিখিত দরখাস্ত এবং মিলন সরদার আদালতে মামলা করেছেন।২০১১-১২ সালের কৃষি খাসজমি বন্দোবস্তবিষয়ক বরগুনা জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির বিশেষ সভায় অনুমোদন হওয়া তালিকা অনুযায়ী ৯১ ব্যক্তি হলদিয়া ইউনিয়নে জমি ইজারা পেয়েছেন। আর ৬৪ জনের নামের তালিকা অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদিত তালিকার মধ্যে অবস্থাসম্পন্ন বিভিন্ন পেশার ৩৭ ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে সরকারি চাকরিজীবী, বিদেশে কর্মরত, একই পরিবারের একাধিক ব্যক্তি ও ঢাকায় বসবাস করেন—এমন ব্যক্তিও জমি পেয়েছেন। তাঁদের প্রত্যেকেরই জমি আছে।অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কাদের গাজী এবং তাঁর দুই ছেলে টিপু গাজী ও রিয়াজ গাজীর নামে তিন একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্বচিলা গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমান, টেপুরা গ্রামের প্রবাসী ফকর উদ্দিন ও পশ্চিম চিলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহতাব বিশ্বাস এক একর করে জমি ইজারা পেয়েছেন। ঢাকায় বসবাসকারী মো. মোবারকের নামে ৭০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে।হলদিয়া ইউনিয়নের রফিকুল ইসলাম, মিলন সরদার, ইব্রাহীম, বাবুল মোল্লাসহ বেশ কয়েকজন ভূমিহীন অভিযোগ করেন, কানুনগো ও জরিপকারীকে টাকা দিতে না পারায় তাঁরা আবেদন করেও জমি পাননি। অবস্থাসম্পন্ন স্থানীয় ব্যক্তিরা ১৫ থেকে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে জমির ইজারা পেয়েছেন।ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আমতলী উপজেলা ভূমি দপ্তরের তৎকালীন কানুনগো বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, ‘অনিয়ম হয়ে থাকলেও তার দায়-দায়িত্ব আমার না। সার্ভেয়ার আবদুল হক যা করার করেছে।’আবদুল হক (বামনা উপজেলায় কর্মরত) মুঠোফোনে বলেন, ‘আমার নতুন চাকরি। অনিয়ম হতেই পারে।’উপজেলা ভূমি দপ্তরের কানুনগো (সহকারী কমিশনারের পদটি শূন্য) আবদুল জলিল বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ অনুযায়ী, প্রকৃত ভূমিহীন পরিবারকে নিষ্কণ্টক কৃষি খাসজমি ইজারা প্রদানের নির্দেশনা রয়েছে। তবে আমি নতুন এসেছি, তাই ওই বিষয়ে কিছু বলতে পারছি না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি মো. আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’