সরকারি জমি দখল করে আ.লীগ নেতার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের এক নেতা সরকারি জমি দখলে নিয়ে ব্যবসার কাজে ব্যবহার করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মধ্যবাজারে মূল সড়কের পাশেই উপজেলা খাদ্যগুদাম অবস্থিত। গুদামটির সীমানাপ্রচীরের বাইরে মূল সড়কের পাশে খাদ্যগুদামের আরও আট শতক জমি রয়েছে। এই জমির পাশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের একটি করাতকল রয়েছে। আলমগীর কবীর মিলের পাশের সরকারি জমিটি তাঁর ব্যবসার কাজে ব্যবহার করছেন। সরেজমিনে দেখা গেছে, করাতকলের পাশে সরকারি জমিতে অসংখ্য গাছ ফেলে রাখা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, স্থানীয় সাংসদের কাছের মানুষ হওয়ায় বর্তমান প্রশাসনও বেদখল হওয়া জমি উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধরমপাশা খাদ্যগুদামের কর্মকর্তা অসীম কুমার তালুকদার বলেন, উপজেলা খাদ্যগুদামের ৭২ শতক জমি রয়েছে। এর মধ্যে সীমানাপ্রাচীরের বাইরে সড়কের ওপারে রয়েছে আট শতক জমি। দীর্ঘদিন থেকেই আলমগীর কবীর ওই জমি নিজের ব্যবসার কাজে ব্যবহার করছেন। অসীম তালুকদার বলেন, ‘আমরা কয়েকবার উনাকে (আলমগীর কবীর) জায়গা ছেড়ে দিতে বলেছি। তিনি বলেছেন, যখনই সরকারের দরকার হবে তিনি জায়াগা ছেড়ে দেবেন।’জমি দখলের অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বলেন, ‘এই জায়গায় আমার এক টুকরো কাঠও নেই। সব কাঠ এলাকার মানুষের। তারাই এই কাঠ এখানে রেখেছে। আমি কোনো জায়গা দখল করিনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদুর রহমান বলেন, খাদ্যগুদামের পক্ষ থেকে তাঁকে এ ধরনের কিছু জানানো হয়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।