সরকারি জমি দখল করে উঠছে দোকান
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের শহীদ মিনার, গরুর হাট ও খেলার মাঠের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।সরেজমিনে দেখা যায়, বালিয়াকান্দি-পাংশা আঞ্চলিক সড়কের পাশে শত বছরের ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে নির্মিত শহীদ মিনারের পাকা বেদিতে স্তূপ করে রাখা হয়েছে খড়ের গাদা। গরুর হাটের দুই পাশের সারিতে নির্মাণাধীন ২২টি পাকা দোকানঘরের প্রাচীর তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে।দখলদার উপজেলা পরিষদের চেয়ারম্যানের চাচাতো ভাই ফজলুল বিশ্বাস বলেন, ‘আমরা দুইবার জমি ইজারার জন্য দরখাস্ত করেছি। এখন সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে বিষয়টি জানিয়ে দোকানঘর তৈরি করছি।’ অনুমতি না পেয়ে কেন দোকান তৈরি করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি, অনুমতি পাব, তাই আগেই দোকানঘর তৈরি শুরু করেছি।’নবাবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. জনাব আলী জানান, রাস্তার পাশ থেকে একদাগে ১ নম্বর খাস খতিয়ানের ১ একর ৩৩ শতাংশ জমি রয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে দোকানঘর তোলার কাজ শুরু করা হয়। তিনি তাতে বাধা দিয়ে ব্যর্থ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। গত শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আওয়ামী লীগ সমর্থকদের নির্মিত দোকানঘর না ভেঙে শুধু বিরোধী দলের সমর্থকদের দোকানঘর ভাঙা হচ্ছে।বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাই রাফিন সরকার প্রথম আলোকে জানান, সোনাপুর বাজারে অনুমতি ছাড়াই অবৈধভাবে সরকারি জমি দখল করা হয়েছে। অস্থায়ী দোকানগুলো ইতিমধ্যে উচ্ছেদ করা শুরু হয়েছে। পাকা দোকানগুলোও উচ্ছেদের প্রক্রিয়া চলছে।