সরকারি জমি দখল করে উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের ঘর!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে সরকারি জায়গা দখল করে বাজারের বণিক সমিতির সভাপতি একটি টিনশেড ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মধ্যনগর বাজার বণিক সমিতির বর্তমান সভাপতি মো. আক্তারুজ্জামান। তিনি ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের ছোট ভাই ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। দুই মাস আগে তিনি বাজারের থানা ডাকঘরের সামনের সড়ক লাগোয়া প্রায় এক শতক জায়গা দখল করে এর চারপাশে বাঁশের খুঁটি পুঁতে দেন। মাসখানেক আগে সেখানে একটি টিনশেড ঘর তোলা হয়। স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ঘরটি বার্ষিক ৬০ হাজার টাকা ভাড়ার বন্দোবস্তও করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, উপজেলা চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই এলাকায় খুবই প্রভাবশালী। তাঁদের লোকজনের কাজে বাধা দিলে নানাভাবে হয়রানি-নির্যাতন করা হয়ে থাকে। এ নিয়ে এলাকার কেউ প্রকাশ্যে মুখ না খুললেও লোকজনের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।ওই ঘরটি সরকারি জমিতে তোলা হয়েছে বলে স্বীকার করেন আক্তারুজ্জামান। তবে তিনি দাবি করেন, ঘরটি নির্মাণের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ঘরটি কে বা কারা তুলেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। জানতে চাইলে মধ্যনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহুর আহমেদ বলেন, ‘মধ্যনগর বাজরে সড়ক লাগোয়া জায়গায় একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে বলে আমি শুনেছি। এটি সরকারি জায়গা কি না, তা নথিপত্র না দেখে কিছু বলা যাচ্ছে না।’