সরকারি জমি দখল করে ছাত্রলীগের কার্যালয়
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে জেলা পরিষদের জায়গা দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করছে ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগ। সেখানে সংগঠনটির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কার্যালয়টি পাকাকরণের কাজ চলছে।সরেজমিনে দেখা যায়, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক সংলগ্ন ধাপেরহাট বন্দরে জেলা পরিষদের চার শতক জায়গা দখল করে ব্যবসা করছিলেন চারজন। ওই ব্যবসায়ীদের দোকানপাট জোরপূর্বক উচ্ছেদ করে গত ১০ সেপ্টেম্বর জায়গাটি দখলে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।ওই জমিতে দোকান ছিল ধাপেরহাটের পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর গ্রামের মুরগি ব্যবসায়ী সাইফুল ইসলাম ও নূরন্নবী মিয়ার। তাঁরা জানান, সরকারি জায়গা পড়েছিল। তাই দোকান করে আড়াই বছর ধরে ব্যবসা করেছি। তাঁদের উচ্ছেদ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা এখন দলীয় কার্যালয় নির্মাণ করছেন। ধাপেরহাট বন্দরের ব্যবসায়ী কুদ্দুস মিয়া বলেন, ‘কয়েক দিন আগে জেলা পরিষদের ওই জায়গায় দেখলাম মুরগি ও পানের দোকান। এখন দেখি দোকানপাট নেই, হঠাৎ করে ছাত্রলীগের সাইনবোর্ড। ক্ষমতা বলে কথা।’ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ওই জায়গায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারি জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করছেন। বাধা দিয়েও কোনো কাজ হয়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, জায়গাটি ইজারা নেওয়ার জন্য গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদের প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো ইজারা পাওয়া যায়নি। তিনি দাবি করেন, জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ সঠিক নয়। ইজারা পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তাই অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটগুলো উচ্ছেদ করে সেখানে ছাত্রলীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল আলম বলেন, ‘পরিষদের জায়গাটি ইজারা নেওয়ার জন্য ছাত্রলীগের আবেদন পেয়েছি। কিন্তু ইজারা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনি আরও জানান, ওই জায়গা দখল করে ছাত্রলীগের কার্যালয় নির্মাণের বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।