ভূমি কার্যালয় থেকে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পূর্ববাজারে অবস্থিত ভূমি কার্যালয়ের জমিতে চলতি বছরের জানুয়ারি থেকে পিঠাইটিকর গ্রামের প্রভাবশালী ব্যক্তি ও ছাত্রলীগ নামধারী মহসিন মিয়া রাতের আঁধারে ১০টি দোকানঘর নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিস অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ করে ২৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর চিঠিও পাঠায়। তবে উপজেলা প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, পূর্ববাজারে অবস্থিত ভূমি কার্যালয়ের জমিতে নির্মিত দোকানগুলোতে ব্যবসা চলছে। মহসিন মিয়া এসব দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন বলে বাজারের ব্যবসায়ীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘সরকারি-বেসরকারি কুচ্ছু বুঝি না। আমরা ব্যবসা করি টেকা দিয়া। আমরারে বিদায় করি লাইলে আমরা যাইমুগি।’
ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুল বারী অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে মহসিন মিয়া সরকারি জায়গা দখল করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মহসিন মিয়া দাবি করেন, ‘আমি আমার বাপ-দাদার সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করেছি।’ ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘আমরা ইউএনওর বরাবর প্রায় নয় মাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চিঠি পাঠিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, প্রশাসন কোনো ব্যক্তি বিশেষকে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের সুযোগ করে দেয়নি। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।