সরকারি জমি বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিবাগের আবুজর গিফারী কলেজের সীমানাসংলগ্ন একটি সরকারি জমি (৪ দশমিক ৩৯ একর) কলেজের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মালিবাগ বাজার রেলগেট এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলাম আশরাফ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে কলেজের সীমানাসংলগ্ন পরিত্যক্ত এই জমিটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন শিক্ষার্থীরা। এ জমি কলেজের নামে বরাদ্দ দেওয়ার জন্য তিনি দাবি জানান।
আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু বলেন, কলেজসংলগ্ন ওই জমিটি একটি পরিত্যক্ত ডোবা ছিল। পরে কলেজের পক্ষ থেকে তা ভরাট করা হয়। এখন তা কলেজের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সম্প্রতি পত্রিকায় ওই জমিতে বহুতল ভবন নির্মাণে দরপত্র প্রকাশিত হয়েছে। সরকার এই জমিটি কলেজের নামে বরাদ্দ দিলে শিক্ষার্থীরা একটি খেলার মাঠ পাবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উন্মুক্ত খেলার মাঠ দরকার।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নাসির উদ্দিন বলেন, এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে জমিটি কলেজকে বরাদ্দ দিলে খেলার মাঠ ও ছাত্রাবাসসহ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। এখন মাত্র দুই একর জমির ওপর আছে এই কলেজ৷