সরকারি জমি 'দখল' করে যুবলীগ নেতাদের মার্কেট নির্মাণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে সরকারি জমি দখল করে যুবলীগের নেতারা মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। গতকাল সোমবার থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে যান। স্থানীয় লোকজন জানান, এই সুযোগে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদসহ যুবলীগের সাত নেতা রাতে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় লোকজন বলেন, খাসেরহাট বাজারের মাঝখানে মূল্যবান প্রায় তিন শতাংশ জমি পরিত্যক্ত পড়ে ছিল। কয়েক মাস ধরে যুবলীগের নেতারা ওই জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন। সরকারের শেষ সময়ে তাঁরা ওই সুযোগ কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েন।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাতটি দোকান নির্মাণের কাজ চলছে। প্রায় চার ফুট ইটের গাঁথুনি দেওয়া হয়ে গেছে। তড়িঘড়ি করে কাজ শেষ করতে অতিরিক্ত শ্রমিক কাজে লাগানো হয়। স্থানীয় লোকজন জানান, ওই জমির দাম প্রায় ৩০ লাখ টাকা। ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদের দাবি, ইজারা নিয়ে তাঁরা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন। তবে তিনি ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
ইজারা নিয়ে কেন রাতারাতি মার্কেট নির্মাণ করছেন—এ প্রশ্নের জবাবে আবদুল হামিদ বলেন, শ্রমিকদের চুক্তিতে দেওয়া হয়েছে। তাঁরা ঈদের আগেই কাজটি শেষ করে দিতে চাইছেন।
উত্তর চরবংশী ইউনিয়নের তহশিলদার আবদুর রহিম বলেন, বাজারের ওই সম্পত্তি এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি।