সরকারি জমিতে অবৈধ স্থাপনা!
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পুরোনো হাসপাতালের সীমানাপ্রাচীরের মধ্যে স্বাস্থ্য বিভাগের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। চার দিন ধরে ওই স্থানে নির্মাণকাজ চলছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে স্থাপনাটি তোলা হচ্ছে। তবে এ জন্য কোনো অনুমতি বা জমি বন্দোবস্ত নেওয়া হয়নি।কলাপাড়া পুরোনো হাসপাতাল হিসেবে পরিচিতি থাকলেও কিছুদিন আগে এর ভবনে সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর করা হয়। এর আগে এখানে স্যানিটারি ও জন্ম নিবন্ধকের কার্যালয় ছিল। জায়গাটি শহরবাসীর কাছে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সভা-সমাবেশ, বৈশাখী মেলাসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। স্থাপনা গড়ে মাঠের জায়গা নষ্ট করা হলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার আর কোনো জায়গা থাকবে না।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৯৪৯ সালে খেপুপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৬৪৪, ৬৪৯, ৬৫১ ও ৬৫২ দাগের এক একর ৭৫ শতাংশ জমি জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগকে বুঝিয়ে দেয়। তার পর থেকে এই জমি স্বাস্থ্য বিভাগ ভোগদখল করে আসছে। এখানে স্বাস্থ্য বিভাগের দ্বিতল একটি ভবন, পেছনে পুকুর ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে।সরজমিনে দেখা গেছে, পুরোনো হাসপাতাল এলাকায় প্রবেশের প্রধান ফটকের লাগোয়া স্থাপনাটির তিন দিকে পাকা দেয়াল তোলার কাজ চলছে। এক দিকের সীমানাপ্রাচীর এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটি দৈর্ঘ্যে ৪৮ ফুট এবং প্রস্থে ২০ ফুট। পাশেই মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কার্যালয় অবস্থিত। উত্তর দিকের খালি জায়গায় আরেকটি স্থাপনা গড়ে উঠছে। ইতিমধ্যে এ অংশের সরকারি সীমানাপ্রাচীরও ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটির এ অংশের দৈর্ঘ্য ৩৮ ফুট এবং প্রস্থ ১২ ফুট। দুটি স্থাপনাই বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান অভিযোগ করেন, তাঁদের জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে ৭ মে অবৈধভাবে শুরু হয় পাকা স্থাপনা নির্মাণের কাজ। এ ব্যাপারে ওই দিনই কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া উপজেলা কমান্ডার মো. বদিউর রহমান স্থাপনা নির্মাণ করার কথা স্বীকার করে বলেন, ‘এই জমি আমরা বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছি।’ বন্দোবস্ত পাওয়ার আগে কীভাবে স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে তিনি জানান, পাশেই তাঁদের কার্যালয়। এই ভূমি তাঁরাই বন্দোবস্ত পাবেন।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার চুলকাঠি (ভূমি) মো. আবদুল আউয়াল বলেন, ওই জমি হাসপাতালের। সেখানে পাকা স্থাপনা নির্মাণের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। কিন্তু সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।