সরকারি জমিতে আ.লীগ নেতার দোকান নির্মাণ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদনগর ইউনিয়নের বনগ্রাম বাজারে সরকারি জমি দখল করে আওয়ামী লীগের এক নেতা কয়েকটি দোকান নির্মাণ করেছেন। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফা মাতব্বর জাতীয় সংসদের উপনেতার নাম ভাঙিয়ে দোকানগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল থেকে নগরকান্দা-পুরাপাড়া সড়কের ডান পাশে বনগ্রাম বাজারে দোকানগুলো নির্মাণ করা হচ্ছে। এর আগে ওই জায়গায় থাকা কিছু গাছ ও একটি বাঁশঝাড় কেটে ফেলা হয়। বর্তমানে তোফা ও তাঁর ভাতিজা জাহাঙ্গীর চারটি দোকানের নির্মাণকাজের নেতৃত্ব দিচ্ছেন।কোদালীয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুজ্জামান জানান, দোকানঘরগুলো নির্মাণ করা হচ্ছে সরকারি জায়গায়।তোফা মাতব্বর দাবি করে বলেন, ‘আমি আমার জমিতে দোকান তুলছি, তবে এখানে কিছু সরকারি জায়গা রয়েছে। আমি ওই জায়গার ইজারা চেয়ে ভূমি কার্যালয়ে আবেদন করেছি। তা ছাড়া দোকান তোলার আগে জাতীয় সংসদ উপনেতা ও স্থানীয় সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি।’তাঁর এ দাবি নাকচ করে দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, সংসদ উপনেতা এ ব্যাপারে কিছুই জানেন না। তোফা মাতব্বর সংসদ উপনেতার নাম ভাঙিয়ে যে কাজ করছেন, তা অবৈধ।ইউএনও কামরুল হাসান বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’