নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানের বিরুদ্ধে সরকারি জমি দখলে নিয়ে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটির একাংশ সরকারি জমির ওপর—এমন অভিযোগ এনে একাধিকবার উপজেলা প্রশাসন তা অপসারণে নোটিশ, এমনকি আদালতের নিষেধাজ্ঞাও আমলে না নিয়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন সরকারি দলের এই নেতা।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি স্থানীয় চক্রধা ইউনিয়ন ভূমি কার্যালয়ের এক প্রতিবেদনে সরকারি জমিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাকা ভবন নির্মাণ করার অভিযোগ আনা হয়। একই সঙ্গে সরকারি ভূমিতে ভবন নির্মাণ বন্ধ রাখার কথা উল্লেখ ছিল। ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন পাওয়ার পর উপজেলা ভূমি কার্যালয় সার্ভেয়ার দিয়ে ভূমি পরিমাপ করে। ৪ এপ্রিল তাঁদের প্রতিবেদনে নির্মাণাধীন ভবনটির মধ্যে আরএস রেকর্ডে শিবপুর মৌজায় ১ নম্বর খতিয়ানে ৩৮৭ ও ৩৮৮ দাগে ৪ শতাংশ সরকারি জমি রয়েছে বলে উল্লেখ করে।একই বছরের ২২ জুন অপর এক প্রতিবেদনে বাধা দেওয়া সত্ত্বেও পাকা ভবন উত্তোলন করা হচ্ছে মর্মে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এরপর ১৪ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার হারুন অর রশিদ খানকে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর জন্য নোটিশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। নোটিশ পাওয়ার পরও সরকারি জমি থেকে স্থাপনা অপসারণ করা হয়নি। পরবর্তীকালে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করলে হারুন খান জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। আদালত মামলা চলাকালীন সব স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এর পরও ভবনের কাজ বন্ধ করা হয়নি।চক্রধা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, হারুন অর রশিদ খানকে ভবন নির্মাণ বন্ধ করতে লিখিত ও মৌখিকভাবে বলা হলেও কোনো কাজ হয়নি। এমনকি আদালত বিচারাধীন সময়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা মানা হয়নি। যোগাযোগ করা হলে হারুন অর রশিদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খরিদসূত্রে জমির মালিক তাঁরা। আরএস রেকর্ডে ভুলে খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত হওয়ায় সংশোধনের জন্য মামলা করেছেন। আদালতের নির্দেশনার পরও কাজ চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ধরনের নিষেধাজ্ঞা পাইনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বলেন, সরকারি জমি দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ করা অন্যায়। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ করা হয়েছিল। সব বাধা উপেক্ষা করে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।