সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতা প্রায় কোটি টাকার সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ একাধিকবার বাধা দিলেও তিনি নির্মাণকাজ বন্ধ করেননি।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উজিরপুর (কুমারবাড়ি বাজার) মৌজার ১ নম্বর খতিয়ানের ৭৩৯ দাগের ১ একর ৫০ শতাংশ জমি উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আশীষ কুমার অবৈধভাবে দখল করে নিয়েছেন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি ওই জমিতে গত ফেব্রুয়ারি মাসে পাঁচ তলা ভবনের ভিত্তি দিয়ে বহুতল পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। ২২ ফেব্রুয়ারি তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসরাইল হোসেন নির্মাণকাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে আশীষ কুমারকে নির্দেশ দেন। কাজ বন্ধ না করায় ১০ মার্চ উজিরপুর শিকারপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি আবারও লিখিতভাবে সহকারী কমিশনার (ভূমি) ইসরাইল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদারকে জানান। পরে ইউএনও অবৈধ নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উজিরপুর থানার পুলিশকে নির্দেশ দেন।উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. আতাউর রহমান, সার্ভেয়ার (জরিপকারক) মো. মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের নেতা আশীষ কুমার প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট জমিতে একতলা পাকা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেছেন।গত মঙ্গলবার আশীষ কুমার দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করেন। ওই দিনই এলাকাবাসী বিষয়টি পুনরায় সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও প্রিয় সিন্ধু তালুকদারকে লিখিতভাবে জানান। ওই দিনই ইউএনওর নির্দেশে কানুনগো আতাউর রহমান, সার্ভেয়ার মিজানুর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন, উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে পুনরায় নির্মাণকাজ বন্ধ করে দেন।এলাকাবাসী জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আশীষ কুমার নির্মাণকাজ শুরু করেন।বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, আরসিসি পিলার দিয়ে দুই ইউনিটের প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট পাকা ভবন নির্মাণ করা হয়েছে এবং এর চারদিকে টিনের বেড়া দেওয়া হয়েছে।আশীষ কুমার সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আমার পূর্বপুরুষদের সূত্রে পাওয়া সম্পত্তিতে ভবন নির্মাণ করেছি। এটা অবৈধভাবে দখল করা সম্পত্তি নয়।’ তাঁর কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি বলেন, সেগুলো অনেক দূরে আছে। তাই এখন দেখানো যাবে না।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘উপজেলা প্রশাসন যখনই এ ব্যাপারে থানার সহায়তা চেয়েছেন, তখনই আমরা সহায়তা দিয়েছি।’ইউএনও প্রিয় সিন্ধু তালুকদার বলেন, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে বহুতল পাকা ভবন নির্মাণকাজ বন্ধের জন্য অনেকবার তাঁকে (আশীষ কুমার) নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো কিছুই মানছেন না। অদৃশ্য শক্তির জোরে তিনি কাজ করে যাচ্ছেন।