সরকারি জমিতে উঠছে যুবলীগ নেতার দালান!
পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় এক যুবলীগের নেতার বিরুদ্ধে ইকোপার্ক এলাকার গাছ কেটে পাকা দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আবদুর রহিম নামে ওই নেতা উপজেলার লতাচাপলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আবদুর রহিম ইকোপার্কের সড়ক ঘেঁষে পাকা ভবন নির্মাণ করছেন। এর আগে সেখান থেকে তিনি বড় কয়েকটি গাছও কেটে নিয়েছেন। অভিযুক্ত আবদুর রহিম বলেন, ‘জমি খালি পড়ে ছিল তাই সেখানে ঘর ওঠানোর কাজ করছি।’ বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বড় অনেক কোম্পানি জমি দখল করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমি ছোট্ট একটা ঘর করছি, তার দিকে সবার চোখ পড়ছে।’জানতে চাইলে কুয়াকাটা ইকোপার্কের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘যেখানে গাছ কেটে ঘর নির্মাণ হচ্ছে, সেই জমি পাউবোর।’ কলাপাড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম বলেন, ‘সরকারি চুক্তি অনুযায়ী বেড়িবাঁধসংলগ্ন সব গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন বিভাগের।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘বাঁধের বাইরের সব জমি সরকারি। তাই দখল প্রক্রিয়া বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই জমি দখলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।’