সরকারি জমিতে ঠিকাদারের গাছ পুষেছে বন বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে গাছ লাগিয়েছিল বন বিভাগ। দুই বছর আগে সেগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। শর্ত ছিল সাত দিনের মধ্যে টাকা পরিশোধের। তবে সেই টাকা না পেলেও কার্যাদেশ বাতিল করেনি বন বিভাগ। এখন বেশ মোটা হওয়া ২১ বছর বয়সী এসব গাছ কাটা শুরু করেছেন ঠিকাদার।
এভাবে সরকারি জমিতে দুই বছর ধরে ঠিকাদারের গাছ পুষলেন বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। এ অবস্থায় তাঁদের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি পরিবেশ ও বন মন্ত্রণালয়কে অবহিত করেছেন।
ইউএনও রাজ্জাকুল ইসলাম জানান, দুই বছর আগের চেয়ে গাছগুলো এখন অনেক মোটা হয়েছে। এতে লাভবান ঠিকাদার। দুই বছর আগেই গাছগুলো কাটা হলে সুবিধাভোগীরা তাঁদের লাভের ভাগ পেতেন। এ দুই বছরে সংশ্লিষ্ট জমিতে নতুন গাছ হতো। তিনি আরও বলেন, টাকা না দিলে নিয়মানুযায়ী ঠিকাদারের জামানত বাতিল হবে। পুনরায় দরপত্র আহ্বান করতে হবে। কিন্তু সেসব না করে বন বিভাগ যা করেছে, তাতে ঠিকাদারের স্বার্থই রক্ষা হয়েছে। সরকারের ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
উপজেলার পিল্লাপাড়া গ্রামের সুবিধাভোগী আবুল কালাম আজাদ বলেন, দুই বছর আগের চেয়ে এখন এসব গাছের দাম কয়েক গুণ বেশি হবে। সরকারের মাটিতে বন বিভাগ এত দিন ঠিকাদারের গাছ পুষেছে। এর আগেও তাদের তত্ত্বাবধানে বেড়ে ওঠা গাছ কাটা হয়েছে। সে সময় বন বিভাগের কর্মকর্তাদের কাছে গেলে তাঁরা বলেন, সুবিধাভোগীদের ভাগ দেওয়ার নিয়ম বাতিল হয়ে গেছে।
বন বিভাগ ও সুবিধাভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার নওহাটা বাজারের শাহাপাড়া থেকে শুরু করে পিল্লাপাড়া স্লুইসগেট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ১৯৯২-৯৩ সালে বাবলা, রেইনট্রি, কড়ই, নিম ও শিশুগাছ লাগিয়েছিল বন বিভাগ। নিয়ম অনুযায়ী, গাছ কাটার সময় বিক্রয়মূল্যের ৬৫ ভাগ টাকা সুবিধাভোগীরা পাবেন। ১০ ভাগ টাকা পুনরায় গাছ লাগানোর জন্য বন বিভাগ পাবে। বাকি ২৫ ভাগ টাকা স্থানীয় ইউনিয়ন পরিষদসহ (ইউপি) অন্য দপ্তরগুলো পাবে। ইতিমধ্যে এসব গাছের তিন ভাগের এক ভাগ বন বিভাগ বিক্রি করে দিয়েছে। সেই গাছ ঠিকাদার কেটেও নিয়ে গেছেন। কিন্তু এর কোনো অর্থ সুবিধাভোগীরা পাননি।
এবার গত শুক্রবার থেকে আবদুল কুদ্দুস নামের একজন ঠিকাদার বাঁধের দ্বিতীয় ভাগের গাছ কাটা শুরু করেছেন। রোববার পর্যন্ত তিনটি রেইনট্রি, তিনটি শিশু, একটি বাবলা ও একটি নিমগাছ কেটে ফেলা হয়েছে। সুবিধাভাগীরা এ বিষয়ে আগেভাগে কিছু জানতে না পেরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে যান। কিন্তু কোনো পাত্তা পাননি। এতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঠিকাদারের লোকজন করাত দিয়ে গাছ কাটছেন। রাস্তার ধারে গাছের গুঁড়ি পড়ে রয়েছে। সেখানে ঠিকাদার উপস্থিত ছিলেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠিকাদার আবদুল কুদ্দুস জানান, এক সপ্তাহ আগে তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। এর পরই তিনি গাছ কাটা শুরু করেছেন।
বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, এসব গাছ কাটার জন্য ২০১০ সালের ৬ ডিসেম্বর উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির কাছ থেকে অনুমোদন নেয় বন বিভাগ। ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি তারা জেলা কমিটির কাছ থেকে একই অনুমোদন নেয়। দরপত্রে দুটি লটে ৬২টি গাছের মূল্য নির্ধারণ করা হয় দুই লাখ ১৬ হাজার টাকা। ২০১১ সালের ২০ সেপ্টেম্বর টাকা জমা দেওয়ার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়।
দরপত্রের শর্ত অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে টাকা না জমা দিলে ঠিকাদারের জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার কথা। সেই সঙ্গে পুনঃদরপত্র আহ্বান করে আগের চেয়ে কম দর পাওয়া গেলে সার্টিফিকেট মামলা করে আগের ঠিকাদারের কাছ থেকে সেই টাকা আদায় করার কথা। তবে, টাকা না পেলেও বাস্তবে বন বিভাগ এসবের কিছুই করেনি। প্রায় আড়াই বছর পর গত ৯ জানুয়ারি সেই ঠিকাদারকেই কার্যাদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র দরপত্রের শর্ত ও আইনের বিষয়টি এড়িয়ে ঠিকাদারের পক্ষাবলম্বন করে বলেন, নিয়ম থাকলেও সরকারের রাজস্ব আদায়ের স্বার্থের দিকে তাকিয়ে তাঁরা জামানত বাজেয়াপ্ত করেননি। কারণ অতীত অভিজ্ঞতা রয়েছে যে, জামানত বাতিল করলে গাছ চুরি হয়ে যায়। মামলা করলেও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শেষ করতে করতে গাছের ক্ষতি হয়ে যায়। সরকারি টাকা কমে যায়। এ জন্য তাঁরা সময় দিয়ে হলেও ওই ঠিকাদারের কাছ থেকেই টাকা আদায়ের চেষ্টা করেন।
এই বন কর্মকর্তা আরও বলেন, ঠিকাদারকে তাঁরা ১০-১২টা চিঠি দিয়েছেন। কিন্তু কাঠের বাজার ভালো না থাকার কারণে তিনি টাকা দেননি। ওই সময় টাকা দিলে ঠিকাদারের লোকসান হতো। তাই এ অপেক্ষা করা।