সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার শহর পুলিশ ফাঁড়ির জন্য অধিগ্রহণ করা জমিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার রায়ের নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বক্কর সিদ্দিক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার রায় জানান, সরকারি ওই জায়গাটি কুষ্টিয়ার মিলপাড়া পুলিশ ফাঁড়ির জন্য অধিগ্রহণ করে সরকার। এখানে অবৈধভাবে বসবাস করা সবাইকে উঠে যাওয়ার জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বলেন, সরকারি জমিতে থাকা অবৈধভাবে নির্মিত বসতবাড়িসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে।