বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে সরকারি জমিতে থাকা একটি দোকানঘর না সরানোর কারণে সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সেটি সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান বলেন, ঘরটির মালিককে সরকারি জমি ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৬৮১ টাকা ব্যয়ে গোজখালী বাজারের পাশে একটি সেতু ও এর সংযোগ সড়ক নির্মাণের জন্য ২০১৫ সালে দরপত্র আহ্বান করে এলজিইডি। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফুল কবির এর নির্মাণকাজ পায়। ২০১৫ সালের ১০ ডিসেম্বর কাজ শুরু হয়ে ইতিমধ্যে সেতু নির্মাণ শেষ হয়েছে। সেতুটির সংযোগ সড়কের জমিতে স্থানীয়ভাবে প্রভাবশালী মো. আবু তাহের মিয়া ১০ বছর আগে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন। এ কারণে সংযোগ সড়কের কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি শফিকুল আম বলেন, উপজেলা প্রকৌশল বিভাগের নকশা অনুযায়ী কাজ করা হচ্ছে। সংযোগ সড়কের মধ্যে আবু তাহের নামের একজনের ঘর রয়েছে। সেটি সরানোর জন্য তাঁকে কয়েকবার বলা হলেও তিনি তা করছেন না। এতে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখতে হয়েছে।
সংযোগ সড়কের কাজে বাধা দেওয়ার প্রতিবাদ ও ঘর সরানোর দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে গুলিশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মৃধা, ইউপি সদস্য সোহাগ মোল্লা এবং এলাকার সাবিনা ইসলাম, গোলাম মোস্তফা, ইউসুফ দফাদার প্রমুখ বক্তৃতা করেন। তাঁরা বলেন, আবু তাহের মিয়া ঘর সরাচ্ছেন না। উল্টো সেতুর সংযোগ সড়কের কাজে বাধা দিচ্ছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কটির মাঝখানে আধা পাকা একটি ঘর। সংযোগ সড়ক তৈরির জন্য এর পাশে মাটি খুঁড়ে রাখা হয়েছে।
গোজখালী বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঘরটি না সরানোর কারণে এলাকার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।