সরকারি জমিতে পুকুর খনন করে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শস্য সাইলোর রাস্তার দুই পাশের খাদ্য বিভাগের জমি দখল করে একাধিক পুকুর খনন করা হয়েছে। আবদুল মান্নান নামের এক ব্যক্তি পুকুরগুলো খনন করে মাছ চাষ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার সাইলোর সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, সান্তাহার সাইলো থেকে সান্তাহার-বগুড়া সড়ক পর্যন্ত খাদ্য বিভাগের নিজস্ব ৩ দশমিক ৩৪ কিলোমিটার রাস্তা রয়েছে। মূল রাস্তার প্রস্থ ৭০ মিটার। এ ছাড়াও রাস্তার দুই পাশের আরও ১৩০ মিটার করে জায়গা রয়েছে। তিনি জানান, আবদুল মান্নান দীর্ঘদিন থেকে রাস্তার পশ্চিম পাশে প্রায় এক একর জমি দখল করে একাধিক পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এ কাজে মান্নানকে বাধা দেওয়ায় তিনি তাঁকে (গোলাম মোস্তফা) বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আবদুল মান্নান স্থানীয় লোক হওয়ায় তিনি সাইলোর অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও হুমকি দিয়ে আসছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, আবদুল মান্নান এক সপ্তাহ ধরে নতুন করে আরও দুটি পুকুর খনন শুরু করলে সাইলো কর্তৃপক্ষ গত সোমবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক এবং সাইলো সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থিতিতে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে খনন করা পুকুরের দখল ছেড়ে দেওয়া ও পুকুরগুলো আবার ভরাট করে দেওয়ার মুচলেকা দিলে আবদুল মান্নানকে ছেড়ে দেওয়া হয়।এ ব্যাপারে একাধিকবার আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।