সরকারি জমিতে বিপণিবিতান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাণিজ্যিক বন্দরের প্রাণকেন্দ্র মালাকার পট্টি (রূপালী ব্যাংক গলি) এলাকায় সরকারি জায়গা দখল করে বিপণিবিতানসহ ১০টি ভবন নির্মাণের কাজ চলছে। মো. ইউনুচ খান নামের পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা বহুতল বিপণিবিতানসহ এসব স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগ, রপালী ব্যাংক গলির উত্তর প্রান্তে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২১৯৫ ও ২১৯৬ দাগের সরকারি প্রায় তিন শতাংশ জমি দখল করে বিপণিবিতান নির্মাণ করছেন অবসরপ্রাপ্ত ওসি মো. ইউনুচ খান। এ ছাড়া ওই বন্দরে সরকারি জায়গা দখল করে কমপক্ষে আরও ১০টি পাকা ভবন নির্মাণ করেছেন স্থানীয় ব্যক্তিরা। সরেজমিনে দেখা গেছে, ইউনুচ খানের ভবনের দোতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে নিচতলায় ব্যবসার জন্য দোকানও বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই বন্দরে সরকারি জায়গা দখল করে স্থানীয় হারুন সরদার, কবির মীর, চালাম শিকদার, শাহজাহান শিকদারসহ আরও কমপক্ষে ১০ ব্যক্তি দোতলা ভবন নির্মাণ করেছেন।সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে ইউনুচ খান দাবি করেন, তিনি দলিলসূত্রে ওই জমির মালিক এবং তাঁর নামে রেকর্ড থাকা জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন। অন্য দখলদারেরা দাবি করেন, সরকারি জমি তাঁরা ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) করে ভবন করেছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ডিসিআর নিলেও সরকারি জমিতে পাকা ভবন বা কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের বিধান নেই। কালিশুরী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. শহিদুল ইসলাম বলেন, ইউনুচ খান সরকারি জমি দখল করে মার্কেট করছেন। এ ছাড়া ওই বন্দরের সরকারি জমি দখল করে আরও ২৯টি দোকানঘর নির্মাণ করা হয়েছে, যা উচ্ছেদের জন্য উপজেলা ভূমি কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।বাউফলের সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ কিংবা অবৈধভাবে কেউ দখল করলে তা উচ্ছেদ করা হবে।