রাজবাড়ী-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি জিল্লুল হাকিমের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদের জায়গায় বহুতল ভবন নির্মাণকাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। মামলার আরজি সূত্রে জানা যায়, পাংশা পৌরসভার নারায়ণপুরে ১১০ শতাংশ জমিতে ১৯৫৪-৫৫ সালে জেলা পরিষদের ডাকবাংলো স্থাপিত হয়। বাংলোর ভবনের পাশে নারায়ণপুর মৌজার ৩৪৬ ও ৩৪৭ নম্বর দাগে মোট ২৩ শতাংশ জমি দখল করে চলতি বছরের ৬ জুন বহুতল ভবন নির্মাণ শুরু করা হয়। ১০ জুন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংসদ জিল্লুল হাকিমসহ পাঁচজনের বিরুদ্ধে পাংশা সহকারী জজ আদালতে মামলা করেন এবং ভবন নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চান। মামলার অন্য আসামিরা হলেন নারায়ণপুরের আবদুর রাজ্জাক, দেবাশিষ দে, সুভাশীষ দে ও কৃষ্ণ গোপাল দে। আদালত নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তার আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালত ১৭ জুলাই ওই ভবন নির্মাণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ৫ আগস্ট জিল্লুল হাকিম অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে আদালতে জবাব দেওয়ায় ৭ আগস্ট এ বিষয়ে শুনানি শেষে আদালত ১৪ আগস্ট ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন।জেলা পরিষদের আরজি সূত্রে আরও জানা যায়, গত জুনের প্রথম দিকে সাংসদ মাটি ভরাটের মাধ্যমে জেলা পরিষদের জায়গায় বহুতল ভবন ‘মাহমুদ প্লাজা’র নির্মাণকাজ শুরু করেন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডাকবাংলোর সীমানা প্রাচীরের ভেতরে ভবন নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। কাজের জন্য আনা সিমেন্ট মজুত করা হয়েছে ডাকবাংলোর কার্যালয়ে। নির্মাণাধীন ভবনের একপাশে টাঙানো হয়েছে সাংসদের নাম ও ফোন নম্বরসহ সাইনবোর্ড। এতে লেখা রয়েছে মাহমুদ প্লাজা, কিছু দোকানের পজেশন বিক্রয় হবে, যোগাযোগ: মো. জিল্লুল হাকিম, ফোন: ০১৭১১৬০৫৩১০, ০২-৮১৫৯৯৯৬। গত মঙ্গলবার সরেজমিনে ওই ভবনের নির্মাণ চলতে দেখা গেছে। জিল্লুল হাকিম দাবি করেন, তাঁর কেনা জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন। জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে রয়েছে। আদালতের আদেশের পরে চার শতাংশ জমিতে কাজ বন্ধ রেখে তিনি অন্য অংশে কাজ করছেন।জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি আকবর আলী মর্জি বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে ব্যক্তিমালিকানায় ভবন নির্মাণ করার কোনো সুযোগ নেই। সাংসদ আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখায় বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।