সরকারি জমিতে মার্কেট
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী সরকারি জমিতে মার্কেট নির্মাণ করেছেন এক ব্যক্তি। এলাকাবাসী অভিযোগ দেওয়ার পর জমির মালিকানা নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। আর মার্কেট নির্মাণকারীর দাবি, জমিটি তাঁর নিজের।সরেজমিনে দেখা যায়, বিয়ানীবাজার-বড়লেখার মধ্যবর্তী কানলী গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুনাই নদীর ওপর নির্মিত কানলী সেতুর পূর্ব পাশ ঘেঁষে নির্মাণ করা হয়েছে একটি মার্কেট। ২০০৯ সালে মার্কেটটি নির্মাণ করেন আজিম উদ্দিন নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি ইটাউরী-দৌলতপুর গ্রামে। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক। আজিম উদ্দিনের মার্কেটটির কাছাকাছি রয়েছে আরও কয়েকটি স্থাপনা।এলাকাবাসী জানান, শুধু আজিম উদ্দিনের মার্কেটই নয়; ওই স্থানে যত স্থাপনা গড়ে উঠেছে, তার সবই সরকারি জমিতে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আজিম উদ্দিনের মার্কেটসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এলে আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।তবে আজিম উদ্দিন দাবি করেন, মার্কেটটি তাঁর নিজস্ব জমিতে করা হয়েছে। মার্কেটের সাইনবোর্ডে ‘দৌলতপুর বাজার’ লেখায় কানলী গ্রামের কয়েকজন যুবক আপত্তি করেন। তাঁরা চান, সাইনবোর্ডে ‘কানলী বাজার’ লেখা হোক। এ কারণেই তাঁরা অভিযোগটি তুলেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফুজেল আহমদ জানান, সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করার বিষয়টি উল্লেখ করে তিনি সিলেট সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে তাতে কোনো কাজ হয়নি। জানতে চাইলে সওজের সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুটি সওজের অধীনে ছিল। কিন্তু সম্প্রতি সেতু ও সড়ক উভয়ই এলজিইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তাই এটি এখন দেখবে বড়লেখা এলজিইডি।’ তবে এলজিইডির বড়লেখা উপজেলা প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন। এ বিষয়ে কিছুই জানেন না। তিনি সাবেক প্রকৌশলী নাজির আহমদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। নাজির আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলজিইডির কাছে কানলী সেতু নয়; সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের পরের অংশ হস্তান্তর হয়েছে। তাই বিষয়টি এলজিইডির দেখার কথা নয়।