সরকারি জমিতে যুবলীগ নেতার দোকানঘর নির্মাণের চেষ্টা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজার এলাকায় যুবলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে শহীদ মিনারসহ সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০০০ সালে ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আলতাফ হোসেন ময়দানদীঘি বাজার এলাকায় ২৭ শতাংশ জমির চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ভেতরে একটি শহীদ মিনার নির্মাণ করেন। কয়েক বছর ধরে এলাকাবাসী শহীদ মিনারটিতে পুষ্পস্তবক অর্পণ করে আসছিল। গত মাসের শেষের দিকে খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন শহীদ মিনারের পাশে পাকা দোকানঘর তৈরির কাজ শুরু করেন। একপর্যায়ে ৫ জুন তিনি শহীদ মিনারটি ভাঙতে গেলে এলাকাবাসী এর প্রতিবাদ করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই দিনই নির্মাণকাজ বন্ধ করে দেয়।১১ জুন সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। শহীদ মিনারের পাশেই আরসিসি পিলার তুলে তৈরি হচ্ছে দুই কক্ষের দোকানঘর। দুলাল হোসেন বলেন, ‘ওই ২৭ শতাংশ জমির মধ্যে আরএস রেকর্ড অনুযায়ী পৈতৃক সূত্রে আমি ১০ শতাংশের মালিক। সেই জমিতেই দোকানঘর তৈরি করছি। আমি শহীদ মিনার দখল করিনি বা ভাঙতে যাইনি। কিছু মানুষ শত্রুতাবশত আমার নামে অপপ্রচার চালাচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল হক বলেন, ‘জমিটি সরকারি অর্পিত সম্পত্তি। কিন্তু এর মধ্যে ১০ শতাংশ দুলাল হোসেনের বাবা আবদুল কাদেরের নামে রেকর্ডভুক্ত হয়েছে। আমরা ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা করব। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দুলাল হোসেনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।’