সরকারি জমিতে যুবলীগ নেতার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ভিপি তালিকাভুক্ত জমি জোর করে দখলে নিয়ে সেখানে পাকা বাড়ি নির্মাণ করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুবলীগের নেতা জাহাঙ্গীর হোসেন। প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি পৌর এলাকার মূল্যবান চার শতক জমি দখল করে এই বাড়ি নির্মাণ করছেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মহেশপুর পৌর এলাকার ১০৮ নম্বর হামিদপুর মৌজায় ৫০২ নম্বর দাগে ২২ শতক জমি আছে। সিএস রেকর্ডে এই জমির প্রকৃত মালিক ছিলেন হামিদপুরের বাসিন্দা মৃত নেপাল বিশ্বাস। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলেমেয়েরা এ জমির মালিক হন। নেপাল বিশ্বাসের এক ছেলে যশরত বিশ্বাস খুব ছোটবেলায় ভারতে চলে যান। এ কারণে তাঁর অংশ সাড়ে পাঁচ শতক জমি ভিপি তালিকাভুক্ত হয়ে যায়। সে সময় থেকে জমিটি সরকারের ১ নম্বর খতিয়ানে আছে। এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন পড়ে থাকার কারণে মাঝে মধ্যে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ভূমিদস্যুরা। ভুয়া কাগজ তৈরি করে এর আগে মহেশপুর ভূমি অফিসের পিয়ন আলতাফ হোসেন নিবন্ধনের মাধ্যমে দলিল করার চেষ্টা করেন। এলাকাবাসী জানান, সর্বশেষ জমিটি জোর করে দখল করেছেন মহেশপুর উপজেলার যুবলীগের সদস্য ও দলিল লেখক জাহাঙ্গীর হোসেন। তিনি কয়েক দিন আগে থেকে সেখানে বাড়ি তৈরির কাজ শুরু করেন। এরই মধ্যে বাথরুমের কাজ সম্পন্ন হয়েছে। ঘরগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।যশরত বিশ্বাসের ভাই গৌরচন্দ্র বিশ্বাস (বর্তমানে পৈতৃক জমিতে বাস করছেন) জানান, তাঁর ভাই ভারতে চলে যাওয়ার কারণে জমিটি ভিপি তালিকাভুক্ত হয়েছে। পৈতৃক ও কেনা মিলিয়ে তাঁর ১৬ শতক জমি রয়েছে। ২২ শতক জমির মধ্যে পূর্ব-দক্ষিণ কোনায় ছয় শতক জমি তিনি ফেলে রেখেছেন। কিন্তু মাঝে মধ্যেই এই জমির মালিক সেজে অনেকে দখল করতে আসেন। সরকারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের বাধার কারণে এত দিন দখল করতে পারেনি। বর্তমানে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি সেখানে বাড়ি নির্মাণ করছেন। মহেশপুর পৌর এলাকার সহকারী ভূমি কমিশনার সিরাজুল ইসলাম জানান, ৫০২ নম্বর দাগের ওই জমি ভিপি তালিকাভুক্ত। জমিটি সরকারের খাস খতিয়ানে আছে। তার পরও এক ব্যক্তি সম্পূর্ণ খেয়াল-খুশিমতো সেখানে বাড়ির নির্মাণকাজ করছেন। সরকারের পক্ষ থেকে তিনি বাধা দিয়েছেন।মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান জানান, জমিটি সরকারের ভিপি তালিকাভুক্ত। সেখানে বাড়ি নির্মাণ কোনোভাবেই বৈধ নয়। তাই বাড়ির নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ চললে তিনি ব্যবস্থা নেবেন। জাহাঙ্গীর হোসেন বলেন, ভিপি তালিকার বাইরেও কিছু জমি সেখানে আছে, যার মালিক হাজারী লাল বিশ্বাসের নাতি-নাতনিরা। তাঁরা জমিটি তাঁর কাছে বিক্রি করবেন বলে তাঁদের সঙ্গে কথা হয়েছে। সে অনুযায়ী তিনি বাড়ি নির্মাণ শুরু করেছেন। তিনি বলেন, ঘর করতে গিয়ে কিছু সরকারি জমি তাঁর দখলে চলে গেছে।