সরকারি জমি দখলে নিয়ে তেজগাঁও ট্রাক টার্মিনালে ভবন নির্মাণ শুরু করেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন। টার্মিনালের ভেতরে চারতলার ভিত্তি দিয়ে একতলা ভবন উঠে গেছে। ইতিমধ্যে ট্রান্সপোর্ট এজেন্সি ও দোকান হিসেবে সেই ভবনের বিভিন্ন কক্ষ ভাড়াও দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্প পুলিশ নির্মাণকাজ বন্ধ করতে গেলে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা হামলা করেন। গতকাল শনিবার পুলিশ এসে আবারও নির্মাণকাজ বন্ধ করে দেয়। সে সময় ভবনের দেওয়ালেরও কিছু অংশ ভেঙে দেয় মালিক-শ্রমিকদের আরেকটি পক্ষ।
পুলিশ ও মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তেজগাঁও ট্রাক টার্মিনাল ও এর আশপাশের জমি রেলওয়ে ও গণপূর্ত বিভাগের। ট্রাক টার্মিনালের পাশাপাশি এই জমির কিছু অংশ মালিক সমিতি, কিছু অংশ শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখলে নিয়ে ভোগ করে আসছেন। কেউ জাল দলিল তৈরি করে মালিকানাও দাবি করছেন। তবে কেউ স্থায়ী ভবন নির্মাণ করার সাহস পাননি। কিন্তু এবার শ্রমিক ইউনিয়ন ভবন নির্মাণ করতে গেলে কয়েকটি পক্ষ-বিপক্ষ তৈরি হয়। এই নিয়ে টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ঘর করা নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে টার্মিনালে। মারামারি হওয়ার উপক্রম হলে পুলিশ যায় এবং একটু ধাক্কাধাক্কি হয়েছে। তবে নির্মাণকাজ বন্ধ আছে।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের নিচতলায় সাতটি অফিস ঘর ও নয়টি দোকান করা হয়েছে। এগুলো ট্রান্সপোর্ট এজেন্সি ও দোকান হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে। একাধিক ব্যবসায়ী জানান, প্রতিটি অফিস ঘরের জন্য ভাড়া ছয় হাজার ও অগ্রিম পাঁচ লাখ টাকা। আর দোকানের ভাড়া তিন হাজার ও অগ্রিম দুই লাখ টাকা।
নির্মাণাধীন ভবনের সামনে আরেকটি দুই তলা ভবন দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটিতেও সাতটি অফিস কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।
জানতে চাইলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘মানছি সরকারি জমি। সরকার চাইলে ছেড়ে দেব। আসলে শ্রমিকদের একটা গোসলখানা নির্মাণই মূল উদ্দেশ্য। টাকায় কুলাচ্ছিল না বলে কয়েকটি ঘর করার সিদ্ধান্ত নিয়েছি।’
জানতে চাইলে রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবীর বলেন, রেল ও গণপূর্তের জমি একসঙ্গে বলে সীমানা চিহ্নিত করা হয়নি। তিনি জায়গাটি পরিদর্শন করেছেন। পুলিশ সেখানে ব্যবস্থা নিচ্ছে।