সরকারি জমির দখল রোধে নীতিমালা কঠোর করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমির দখল রোধে নীতিমালা সংশোধন করে তা আরও কঠোর করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সুপারিশে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে প্লট তৈরি ও ভবন নির্মাণের আগে আবাসন কোম্পানিকে সংশ্লিষ্ট প্লটে সরকারি জমি নেই মর্মে ভূমি মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে জানানো হয়, ঢাকায় দুই হাজার ৯০০ একর সরকারি জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত শত একর সরকারি জমি দখল করেছে বিভিন্ন আবাসন কোম্পানি। এসব জমি নিয়ে তাদের সঙ্গে সরকারের ৮৬টি মামলা আছে। ভূমি মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে এ তথ্য উপস্থাপন করেছে। সংসদীয় কমিটি দ্রুত এসব জমি উদ্ধার করে সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ভূমি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের তদারকি না থাকায় বিভিন্ন সময়ে সরকারের এসব জমি বেদখল হয়েছে। কমিটি এসব জমি উদ্ধারের জন্য এবং ভবিষ্যতে যাতে কোনো জমি বেদখল না হয়, সে জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশের অন্যতম হলো, ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কোনো আবাসন কোম্পানিকে ভবন বা প্লট তৈরির অনুমতি দেওয়া যাবে না।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে চা-বাগানের সংখ্যা ও জমির প্রকৃত অবস্থা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি এর আগে সারা দেশে চা-বাগান ও বন বিভাগের জমিসহ বেদখল হওয়া জমি উদ্ধার ও সংরক্ষণের ব্যাপারে যেসব সুপারিশ করেছে, মন্ত্রণালয়কে তা বাস্তবায়ন করতে বলেছে। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।আ ক ম মোজাম্মেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী রেজাউল করিম, রওশন এরশাদ ও মতিউর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।