সরকারি জলাশয় ভরাটের অভিযোগে ছয় শ্রমিক আটক
চট্টগ্রামের সদরঘাট এলাকায় সরকারি জলাশয় দখল করে ভরাটের অভিযোগে ছয় শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া শ্রমিকেরা হলেন কাওসার মিয়া (১৮), মো. সুজন (১৮), মো. হেলিম (২০), শিপন (২৩), হোসেন মিয়া (৪০) ও হারিছ মিয়া (৫৫)।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশের পরও সরকারি পুকুরটি ভরাট করা হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
জলাশয় ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করবে বলে জানান প্রণব কুমার চৌধুরী।
গত রোববার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নগরের সদরঘাট এলাকায় অবস্থিত আগ্রাবাদ ভূমি কার্যালয় পরিদর্শন করেন।
কার্যালয়ের পাশে সরকারি মালিকানাধীন একটি পুকুর ভরাট ও সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগে দুজনকে আটক করা হয়। এ ছাড়া ভূমি প্রতিমন্ত্রী ওই এলাকার সরকারি জমি দখলের ব্যাপারে সচেতন না থাকায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।