সরকারি জায়গা দখল করে পৌর ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার বড় বাজারে সরকারি জায়গা দখল করে গণশৌচাগারের নামে পৌর ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের নির্মাণকাজ শেষ হলে শহরের প্রধান সড়কে পণ্য আনা-নেওয়া ব্যাহত ও ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি সুপারি বাজারটি অনেক ছোট হয়ে যাবে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

পৌরসভা সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সুবিধার্থে টেকনাফ থানা ও ইউনিয়ন পরিষদসংলগ্ন সুপারি বাজারে গণশৌচাগার নির্মাণের জন্য ২০১১ সালের ১৪ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়।

এ প্রসঙ্গে গণশৌচাগার নির্মাণের ঠিকাদার হাজি জহির আহমদ বলেন, ‘জমিটি কার, সেটা আমি জানি না। দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ায় ভবন নির্মাণের কাজ করছি। কিন্তু ভবন নির্মাণের শুরু থেকে আমাকে কোনো নকশা দেওয়া হয়নি। পৌর প্রকৌশলী নিজে তদারকি করায় নকশা ছাড়াই কাজ চলছে।’ 

সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলায় কয়েকজন শ্রমিক ভবন নির্মাণের কাজ করছেন। এতে তিনটি গণশৌচাগার ও চারটি কক্ষ রয়েছে। নিচতলায় আটটি গণশৌচাগার ও দুটি কক্ষ করা হয়েছে। এ সময় ভবনের নকশা দেখতে চাইলে কেউ তা দেখাতে পারেনি।

পৌর সচিব মহিউদ্দিন ও প্রকৌশলী জহির উদ্দিন বলেন, সরকারি জায়গা তাঁরা দখল করেননি। পৌর এলাকার যাবতীয় খাসজমি পৌরসভার। তাই এলাকাবাসী ও পর্যটকদের জন্য গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা আবদুল্ল্লাহ আল মামুন বলেন, ‘বাজারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির মালিক জেলা প্রশাসন। এ জমিতে অনুমতি ছাড়া কিছু নির্মাণ করা অবৈধ।’

পৌর মেয়র হাজি ইসলাম বলেন, ওই জমি পৌরসভার নামে বন্দোবস্ত পাওয়া জন্য একটি আবেদন করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ১ নম্বর খাস খতিয়ানের জমির মালিক জেলা প্রশাসন। তাই কেউ অনুমতি ছাড়া জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণ করলে তা সম্পূর্ণ অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হবে। শিগগিরই সরকারি খাসজমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।