সরকারি জায়গা দখলে আ.লীগ-বিএনপির 'ঐক্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার ঘোষেরহাটে সরকারি জমি দখল করে নির্মিত ঘর। ছবিটি গত সোমবার তোলা ষ প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার ঘোষেরহাটে সরকারি জমি দখল করে নির্মিত ঘর। ছবিটি গত সোমবার তোলা ষ প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করেছেন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। উপজেলার ঘোষের হাটের তোহা বাজার এলাকায় দখল করা ওই জমিতে পাকা-আধা পাকা ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন।
অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে হাটের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১৬ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় বাজারে ক্রেতা-বিক্রেতাসহ আগত সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর পূর্ব বাকাই মৌজায় ঘোষের হাট অবস্থিত। এখানে প্রতিদিন বাজার ও সপ্তাহে এক দিন হাট বসে। এই হাটের পাশে ৭৯ শতক সরকারি খাসজমি রয়েছে। স্থানীয় কয়েকজন জানান, ওই খাসজমিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বেচাকেনা করে আসছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ভূমি কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, ২০০৮ সালে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মতলেব মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক আশ্রাব আলী সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকন ছিদ্দিকুর রহমান, তাঁর ছোট ভাই বিএনপি নেতা আকন ইদ্রিসুর রহমান, ইউপি চেয়ারম্যানের ছেলে ইমতিয়াজ আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিএনপির কর্মী বাদশা মিয়া, আনোয়ার চৌকিদার, আওয়ামী লীগের কর্মী নিমাই সাহা, মিরাজ আলীসহ আওয়ামী লীগ ও বিএনপির ৫৩ জন নেতা-কর্মী আধা শতাংশ করে খাসজমি ইজারা নেন।
পরবর্তী সময়ে ২০১১ সালে তাঁরা প্রত্যেকে পৌনে ১ শতাংশ থেকে সর্বোচ্চ ৩ শতাংশ জায়গা নিজেদের দখলে নেন। দখল করা ওই জমিতে তাঁরা সম্প্রতি (আগস্ট ও সেপ্টেম্বর) ১৫টি পাকা-আধা পাকা ঘর নির্মাণ করেছেন। একজনের নির্মাণকাজ এখনো চলছে।
১৬ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, মতলেব মাতুব্বর, ইউপি চেয়ারম্যানসহ অনেকেই পাকা ভবন নির্মাণকাজ শেষ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাদের ফকিরসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, উভয় দলের নেতারা জনসাধারণের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থেই বাজারের সরকারি জমি দখল করেছেন। দখল করা সম্পত্তির দাম কোটি টাকার বেশি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মতলেব মাতুব্বর বলেন, ‘অবৈধ দখলদার সবাই যদি হাটের সরকারি জমি ছেড়ে দেয়, তাহলে আমিও ছেড়ে দেব।’ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দাবি করেন, তিনি ইজারা নেওয়া জায়গায় দোকানঘর নির্মাণ করেছেন। অন্য দখলদারেরা অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সরকারি জমিতে আধা পাকা ও পাকা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। অভিযোগ পাওয়ার পর ওই হাটের সব ইজারা নবায়ন স্থগিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে একজন সার্ভেয়ারকে (জরিপকারী) সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।