সরকারি জায়গায় ভবন নির্মাণ অতঃপর কাজ বন্ধেরনির্দেশ
মিরসরাই পৌর এলাকার স্বাস্থ্য উপকেন্দ্রের দেড় কোটি টাকার জায়গা (পুকুর) দখল করে ভবনের কাজ করেছে একটি মহল। গতকাল রোববার ওই ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, স্বাস্থ্য কর্মকর্তা তোবারক উল্যা ও মিরসরাইয়ের পৌর মেয়র মো. শাহজাহান উপস্থিত ছিলেন। জানা গেছে, মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উপস্বাস্থ্যকেন্দ্রের ৫৩ শতক জায়গা রয়েছে। ওই জায়গা থেকে ৬ শতক দখল করে জনৈক জাফর আহামঞ্চদ একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু করেন। দখলে নেওয়া ওই জায়গার স্থানীয় দাম দেড় কোটি টাকার বেশি। বর্তমানে জাফর দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে কাজের তদারকি করছেন রফিকুল ইসলাম ওরফে হারুন নামের একজন বেসরকারি আমিন (সার্ভেয়ার)।
অভিযোগ রয়েছে, হারুন প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখলে নিতে সহযোগিতা করছেন। মিরসরাই উপজেলা সদর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। তাই পৌরসভাসহ আশপাশের এলাকার জনসাধারণের জন্য স্বাস্থ্য উপকেন্দ্রটি একমাত্র ভরসা। দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করা না গেলে ভবিষ্যতে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত হারুন মুঠোফোনে জানান, তাঁরা সরকারি জায়গা দখল করে ভবনের কাজ করছেন না। তবে ভবনের মালিক জাফর দেশের বাইরে থাকায় তিনি (হারুন) ভবন নির্মাণের কাজ তদারক করছেন বলে স্বীকার করেন। সরেজমিনে দেখা গেছে, বেসরকারি ওই ভবন নির্মাণের জন্য স্বাস্থ্য উপকেন্দ্রের জায়গায় ইতিমধ্যে দুটি পিলারের পাইলিং কাজ শেষ হয়েছে।
মিরসরাইয়ের পৌর মেয়র এম শাহজাহান জানান, স্বাস্থ্যকেন্দ্রের জায়গা সঠিকভাবে বুঝে নিতে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বারবার অনুরোধ করেছেন। কিন্তু তাঁরা জায়গা বুঝে না নেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তোবারক উল্যা জানান, স্বাস্থ্যকেন্দ্রের পাশে ভবন নির্মাণকাজ শুরুর আগে সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই সীমানা জাফর গং মানেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন জানান, সরকারি জায়গা সম্পূর্ণ বুঝে না পাওয়ার আগ পর্যন্ত ওই বেসরকারি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব সরকারি আমিন দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের সীমানা নির্ধারণকাজ সম্পন্ন হবে।