সরকারি জায়গা থেকে গাছ কর্তন ও বালু উত্তোলনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী এলাকায় ভিপি খতিয়ানভুক্ত সরকারি জায়গা থেকে জোর করে গাছ কেটে নেওয়ার ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা মো. ইউছুফ জামাল সম্প্রতি এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট পক্ষকে বালু উত্তোলন বন্ধ রাখতে বলা হলেও অদ্যাবধি তা বন্ধ হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় বিবদমান পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।অভিযোগে জানা গেছে, ওই ইউনিয়নের ৪৯ নং সাতঘরিয়া মৌজার অন্তর্গত নাওড়ী গ্রামের বিভিন্ন দাগের ১৪ একর সরকারি ভিপি খতিয়ানের সম্পত্তি ১৯৬৫ সাল থেকে ইউছুফ জামাল গং সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ভোগদখল করছেন। গত ২৫ নভেম্বর একই এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন গংয়ের লোকজন ওই জায়গা থেকে জোর করে শতাধিক গাছ কেটে নেন এবং পার্শ্ববর্তী পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করেন। এর ফলে আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজারাকৃত ওই সরকারি জায়গা থেকে কেটে নেওয়া গাছগুলোর গোড়া পড়ে রয়েছে। কাটা থেকে রেহাই পায়নি চারা গাছগুলোও। পাশেই ডোবা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে কয়েক শ গজ দূরে নিয়ে স্তূপ দেওয়া হচ্ছে। আলাপকালে স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি ওই জায়গা থেকে যেভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে আশপাশের কৃষিজমি ও বাড়িঘর হুমকির মুখে রয়েছে। সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত জসিম উদ্দিন ও আতিক উল্লা। তাঁরা প্রথম আলোকে বলেন, ওই ১৪ একর সম্পত্তি তাঁরা ১৯৭০ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিভিন্ন সাফকবলা দলিলমূলে খরিদ করেছেন। কিন্তু অভিযোগকারীরা এত দিন তাঁদের ওই জায়গা অবৈধভাবে ভোগ করেন। এখন আদালতের রায় পেয়ে তাঁরা নিজেদের জায়গা নিজেরা দখলে নিয়েছেন। ওই জায়গা ভিপি খতিয়ানভুক্ত নয় বলেও দাবি করেন তাঁরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই জায়গা নিয়ে আদালতে মামলা-মোকদ্দমাও রয়েছে। যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁদের তা বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু এখনো বালু উত্তোলন বন্ধ হয়নি বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।