সরকারি জায়গা দখল করে আ.লীগের কার্যালয়
খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে একটি ঘর তোলা হয়েছে। গত বৃহস্পতিবার যুবলীগের একদল নেতা-কর্মী ঘরটি তোলেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে সওজের জায়গায় উপজেলা যুবলীগের সদস্য সোহেল মোল্লা ও গোপাল চন্দ্রের নেতৃত্বে ২০-২৫ জন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের একটি বড় সাইনবোর্ড টাঙাতে শুরু করেন।এ সময় ওই জায়গার ঠিক পেছনের জমির মালিক শাহিন সরদার, নুরুল শেখ ও মিজানুর রহমান শেখের নেতৃত্বে ১৫-২০ জন সাইনবোর্ড টাঙাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পেছনের জমির মালিকপক্ষের লোকজনকে সরিয়ে দেন। পরে যুবলীগের কর্মীরা ওই স্থানে সওজের ৬০০ বর্গফুট জায়গা দখল করে একটি টিনের ঘর তৈরি করেন। পেছনের জমির মালিক ও ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন সরদার বলেন, ‘যুবলীগের সোহেল মোল্লা, গোপাল চন্দ্র, ইকবাল হোসেন ও শওকত শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাদের পৈতৃক জমির সামনে জোর করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় তৈরি করেন। আমরা বাধা দিলে তাঁরা আমাদের মারধর করেন। থানার ওসিকে বিষয়টি জানালে তিনি বলেন, ওরা তো সরকারি জমিতে ঘর করছে।’অপরের জমির সামনে জোর করে আওয়ামী লীগের কার্যালয় তৈরির অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সদস্য গোপাল চন্দ্র বলেন, ‘ওখানে অনেক আগেই পার্টি অফিস ছিল। প্রয়াত মন্ত্রী সালাহউদ্দিন সাহেব সে অফিস উদ্বোধন করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সে অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আমরা কিছুদিন আগে সেই জমিতে অফিসঘর করার উদ্যোগ নিলে পেছনের জমির মালিকেরা বাধা দেন। আমরা প্রতিবাদ জানালে তাঁরা কিছুদিনের মধ্যে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু তাঁরা কোনো সমাধানে না আসায় আমরা সরকারি জমিতে পার্টির অফিস তৈরি করেছি।’উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহনেওয়াজ হোসেন বলেন, ‘১৯৯৬ সালে সরকারি ওই জায়গার আমরা আওয়ামী লীগের অফিস করেছিলাম। ২০০২ সালের জুলাই মাসে সওজ বুলডোজার দিয়ে তা ভেঙে দেয়। এখন আমরা সেখানেই ঘর করছি, কারও জমিতে না।’ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, ওই জায়গায় আগেই তাঁদের (আওয়ামী লীগের) অফিস ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় তা ভেঙে দেওয়া হয়।