সরকারি জায়গা দখল করে প্রভাবশালীর ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন জমিটি সরকারের। অথচ ১৮ বছরেও জমিটি বুঝে নেয়নি স্থানীয় প্রশাসন। রায়ের বিষয়টি গোপন রেখে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের দুই একর ৪৫ শতাংশ জমি দখল করে রেখেছেন। বাজারের জমি বেদখল হওয়ায় এখন বাজার বসছে রাস্তার ওপর। এতে বাড়ছে যানজট।ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের মাঝামাঝি স্থানে ৩১ নম্বর সাধুহাটী মৌজার ডাকবাংলা বাজারে ১৯৪৫ সালের দিকে একটি বাজার গড়ে ওঠে। সে সময় মাত্র চার-পাঁচটি ছোট দোকান নিয়ে বাজার শুরু হয়। ক্রমান্বয়ে বাড়তে থাকে বাজারের পরিধি। সরকার বাজারের প্রয়োজনে দুই একর ৬৬ শতাংশ জমি উন্মুক্ত রাখে।বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আবদুর রউফ ১৯৪৭ সালের দিকে ভারত থেকে বাংলাদেশে এসে বাজারের সরকারি একটি বাংলোয় ওঠেন। পরে বাংলোর চারপাশে নানা স্থাপনা গড়ে তোলেন। একসময়ে জাল কাগজপত্র দেখিয়ে বাজারের বেশির ভাগ জমি দখল করে নেন। ১১টি দাগের দুই একর ৪৫ শতাংশ জায়গা নিজ নামে করে নিতে সক্ষম হন, যা বাজারের সরকারি জায়গা। ব্যবসায়ীরা বিষয়টি স্থানীয় ভূমি কার্যালয়কে জানান। ভূমি কার্যালয়ের সেই সময়ের কর্মকর্তারা আবদুর রউফকে বাংলো ছাড়তে নির্দেশ দেন এবং সেই সঙ্গে তাঁর দখলে থাকা বাজারের জমি ছেড়ে দিতে বলেন।বাজারের ব্যবসায়ী মুহিম হোসেন জানান, এই নির্দেশের পর আবদুর রউফ ১৯৫৯ সালে সরকারের বিরুদ্ধে নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন। বাদী পক্ষ মামলায় একতরফা রায় পান। সরকার পক্ষ ১৯৮৬ সালে হাইকোর্টে (সে সময়ে যশোরে হাইকোর্টে বিচারকার্য পরিচালিত হতো) ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। সেই মামলায় আবদুর রউফ হেরে যান। জমিটি সরকারের—এই মর্মে রায় হয়। পরে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। ১৯৯৩ সালে সুপ্রিম কোর্ট বিচারকালে হাইকোর্টের রায় বহাল রেখে আবদুর রউফের আপিল খারিজ করে দেন। এতে জমিটি সম্পূর্ণভাবে সরকারের হয়ে যায়। এর পরও দখলকারী জমি ছাড়েনি। এমনকি সরকারের পক্ষ নিয়ে কেউ জমিটি দখলমুক্ত করতে এগিয়ে আসেনি। এতে আজও ডাকবাংলা বাজার তার সম্পত্তি ফিরে পায়নি।ব্যবসায়ীরা আরও জানান, ২০০৯ সালে জমিটি সরকারের খাস খতিয়ানভুক্ত করা হয়। পরে ওই বছরই দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।দোকান মালিক সমিতি ডাকবাংলা শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, এখানে সপ্তাহে যে দুদিন বাজার বসে, সেই দুদিন তীব্র যানজট দেখা দেয়। রাস্তার ওপর বাজার বসায় ঢাকা-চুয়াডাঙ্গা সড়কের গাড়িগুলোর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।এ ব্যাপারে মৃত আবদুর রউফের বড় ছেলে তপন মিয়া প্রথম আলোকে জানান, কিছু জায়গা নিয়ে সরকারের সঙ্গে তাঁদের মামলা ছিল। সে মামলায় তাঁরা হেরে যান। তিনি দাবি করেন, তাঁদের বাড়ি, বিপণিবিতান ও অন্যান্য স্থাপনা নিজস্ব জমিতে আছে। বাকি জমি না মাপা পর্যন্ত বোঝা যাবে না সেটা কোথায়। উচ্চ আদালতের রায়ের পরও কেন সরকারি জমি ছাড়েননি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের জমি সরকার চিহ্নিত করে না নিলে তাঁরা কীভাবে দেবেন। তা ছাড়া রায় গোপন করার বিষয়টি ঠিক নয় বলে দাবি করেন তিনি।সাধুহাটী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনি নতুন এসেছেন। পেছনের কথা বলতে পারবেন না। তবে সরকারি দুই একর ৬৬ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ তাঁদের দখলে আছে। বাকি জমি বেদখলে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফ হোসেন জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।