সরকারি জায়গা দখল করে হচ্ছে ছয়তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় বাজারে সরকারি জায়গা দখল করে ছয়তলা ভবনের নির্মাণকাজ চলছে। ভবনটি নির্মাণ করা হলে নদী থেকে শহরের প্রধান সড়কে পণ্য আনা-নেওয়া ব্যাহত এবং ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।এলাকাবাসীর পক্ষে আবদুর রউফ নামে এক ব্যক্তি গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগে জানান, ওই বাজারের আলেয়া বেগম সংশ্লিষ্ট ব্যক্তিদের হাত করে ছয়তলা ভবনের নির্মাণকাজ শুরু করেছেন। বর্তমানে একতলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। গত বুধবার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আসাদুজ্জামান জমির মাপজোক করে জানান, ৩৭৬৩ নম্বর দাগের প্রায় দুই শতক জায়গার মালিক আলেয়া বেগম। কিন্তু তিনি পাশের ৩৭৬২ নম্বর দাগের আরও সোয়া শতক সরকারি জায়গা দখল করে ওই ভবন নির্মাণ করছেন। স্থানীয় কিছু প্রভাবশালী নেতা-কর্মী এর সঙ্গে জড়িত থাকায় সঠিকভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না।আবদুর রউফ অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের কাজে বাধা দেওয়ায় আলেয়ার ভাই মান্নান সওদাগর তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।আলেয়া বেগম বলেন, ‘চারপাশে অনেকেই সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন। আমি একটু দখল করলে দোষের কী? তবে অভিযোগকারীকে কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’ মান্নান সওদাগর বলেন, ‘অন্যায়ভাবে অভিযোগ দিয়ে আমাদের বেকায়দায় ফেলায় তাঁকে শাসিয়েছি। হুমকি দেওয়া হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম গত বুধবার মুঠোফোনে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’