সরকারি জায়গায় আ.লীগ নেতার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের বেলদারপাড়ায় অর্ধেক রাস্তা দখল করে নির্মাণাধীন দোকানঘর। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
রাজশাহী নগরের বেলদারপাড়ায় অর্ধেক রাস্তা দখল করে নির্মাণাধীন দোকানঘর। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

রাজশাহী মহানগর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে একটি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই নেতার নাম আবদুল মান্নান। তিনি মহানগরের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে তিনি পাকা দোকানঘরটি তুলছেন।
এ ব্যাপারে স্থানীয় লোকজন রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া নগরের বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত করেছে। কিন্তু দোকান উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ মার্চ থেকে আবদুল মান্নান বেলদারপাড়ার গলির রাস্তার অর্ধেক দখল করে দোকানঘর নির্মাণ শুরু করেন। এ অবস্থা দেখে ১০ মার্চ কিসমত আলী নামের স্থানীয় এক বাসিন্দা নগরের বোয়ালিয়া থানায় একটি জিডি করেন। এরপর থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে তদন্ত করেন। কিন্তু রাস্তা থেকে দোকানঘরটি অপসারণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এরপর ১২ মার্চ এলাকাবাসী রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়। তারপরও সরকারি রাস্তা থেকে এই দোকান অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা কিসমত আলী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক আহমেদকে দায়িত্ব দেন। তিনি তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানঘরটি সরকারি রাস্তা দখল করে নির্মিত হয়েছে। আওয়ামী লীগ নেতার পরিবার ছাড়াও গলির রাস্তা দিয়ে অন্য একটি পরিবারের লোকজন চলাচল করেন। দোকানঘরটি নির্মাণের কারণে অন্য পরিবারের লোকজনের বাড়ির গলিতে রিকশা নিয়ে ঢোকার মতো আর জায়গা থাকছে না।
আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এটি সরকারি জায়গা। সেই জায়গাতেই তিনি দোকান করেছেন। যে রাস্তায় করছেন, সেই রাস্তা দিয়ে তিনি ও তাঁর ভাই চলাচল করেন। এ ব্যাপারে তাঁর ভাইয়ের কোনো আপত্তি নেই। ওই জায়গায় দোকান করার কারণে অন্য মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি। কিন্তু সরকারি জায়গায় কেন দোকান নির্মাণ করেছেন, এমন প্রশ্নের কোনো জবাব দেননি আবদুল মান্নান।
এ প্রসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম নিযাম বলেন, বিষয়টি তাঁর নজরে রয়েছে। শিগগির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।