সরকারি জায়গায় আ.লীগ নেতার ১৭০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পুকুর ভরাট করে ও সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছেন। এসব দোকানঘর বরাদ্দ দেওয়ার নামে তিনি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।টাকা নেওয়ার কথা অস্বীকার করে চেয়ারম্যান দাবি করেছেন, তিনি উন্নয়নের জন্যই এসব কাজ করছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চেয়ারম্যানকে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাজ করার জন্য একটি তাগাদাপত্র দিয়েছেন।ধুনটের ইউএনও আতাউল গনি জানান, বিধি অনুসারে সরকারি পুকুর ভরাট করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি লাগে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পুকুর ভরাট ও বিপণিবিতান করতে গত রোববার তিনি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্বরে পুকুরটির জায়গা ছিল ১২৫ শতাংশ। ২০০৯ সালে কাবিখার চার লাখ এবং এডিপির বরাদ্দ করা এক লাখ টাকায় পুকুরের পূর্ব পাশের ৩০ ফুট অংশে মাটি ভরাট করা হয়। গত বছর কাবিটার এক লাখ ৪০ হাজার টাকায় একইভাবে পুকুরের উত্তর পাশে ৩০ ফুট অংশ মাটি দিয়ে ভরাট করা হয়।অভিযোগ উঠেছে, উপজেলা চেয়ারম্যান পুকুর ভরাট করে সেখানে ৪৫টি দোকানঘর বরাদ্দ দিয়েছেন। এ ছাড়া ধুনট ঘোশাইবাড়ির সড়কের দক্ষিণ পাশে বিএডিসি এবং ধুনট সোনামুখী সড়কের পূর্ব পাশে বিআরডিবির জায়গায় বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। এই দুই সরকারি জায়গায় প্রায় ১২৫টি দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘর আয়তনে ১২ বাই ১০ ফুট। মোট ১৭০টি দোকানঘর বরাদ্দের বিপরীতে ৮০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অথচ রসিদ দেওয়া হয়েছে ১০ হাজার টাকার।দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের কাছ থেকে উপজেলা চেয়ারম্যান ৮০ হাজার করে টাকা নিয়েছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ওরফে তারিক বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে পুকুর ভরাট ও পরিষদের জায়গায় মার্কেট নির্মাণ করে উন্নয়নের চেষ্টা করছি। আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। আমার ব্যক্তিগত হিসাব সহকারী জহুরুল ইসলামের মাধ্যমে ১০ হাজার করে টাকা ব্যাংকে জমা করা হয়েছে।’চেয়ারম্যানের একান্ত হিসাব সহকারী জহুরুল ইসলাম জানান, যাঁরা দোকানঘর বরাদ্দ পেয়েছেন, তাঁদের ১০ হাজার করে টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। বাকি টাকার খবর তিনি জানে না।বগুড়া-৫ আসনের (ধুনট-শেরপুর) সাংসদ হাবিবুর রহমান জানান, তাঁর জানামতে, পরিষদের একটিমাত্র পুকুর। বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখান থেকে পানি এনে আগুন নেভানো যায়। উপজেলা চেয়ারম্যান সেই পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণ করছেন। এসব দোকানপাটে বসে ছেলেরা স্কুলগামী মেয়েদের সঙ্গে বখাটেপনা করার সুযোগ পাবে। উপজেলা চেয়ারম্যান একক সিদ্ধান্তে সরকারি জায়গায় বিপণিবিতান নির্মাণ করে নিজে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেন সাংসদ।