সরকারি জায়গায় আ.লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী পশ্চিমবাজারের ডাকঘরসংলগ্ন সরকারি জায়গায় দুই মাস ধরে ওই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই সেখানে দলীয় কার্যালয় নির্মাণের কাজ চলছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, জয়শ্রী পশ্চিমবাজারের ডাকঘরের দক্ষিণ পাশে ১৫ থেকে ১৬ বছর আগে জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে ওই স্থানে একটি টিনশেড ঘর নির্মাণ করে জয়শ্রী মহিলা সমবায় সমিতি। ১০ থেকে ১১ বছর আগে ঘূর্ণিঝড়ে ওই ঘরটি তছনছ হয়ে যায়। বছর দেড়েক আগে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও আবদুল কাইয়ুমের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী এ জায়গা দখলে নিয়ে চতুর্দিকে বাঁশের খুঁটি দিয়ে বেষ্টনী দেন। দুই মাস ধরে ওই জায়গায় দলীয় কার্যালয়ের পাকা ভবন নির্মাণের কাজ চলছে। সরেজমিনে গতকাল রোববার দেখা যায়, শাহীন মিয়া ও হানিফ মিয়া নামের দুজন শ্রমিক আওয়ামী লীগের ভবন নির্মাণের কাজ করছেন। তাঁরা জানান, তোফাজ্জল, হাবিবুর ও কাইয়ুম এ ভবনের কাজটি তদারকি করছেন। জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা রাজীব দেবনাথ জানান, যে স্থানে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে, সে জায়গাটি সরকারি। এ স্থানে ঘর তোলার জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জয়শ্রী বাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা এ নিয়ে প্রতিবাদ করেছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। সরকারদলীয় নেতা-কর্মী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কথা বলেও কোনো লাভ নেই।’তোফাজ্জল ও হাবিবুর দাবি করেন, ‘এটি সরকারি জায়গা এ কথা ঠিক। তবে বছর দুয়েক আগে এ স্থানে দলীয় কার্যালয়ের ভবন নির্মাণের জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন করেছি।’ অনুমতি মিলেছে কি না—জানতে চাইলে তাঁরা জানান, বিষয়টি এখন প্রক্রিয়াধীন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে সরকারি জায়গা দখল করা সম্পূর্ণ বেআইনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’