সরকারি জায়গায় উপদেষ্টার নামে প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের এনায়েতপুর এলাকায় সরকারি জায়গায় নির্মাণাধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নামে করা হয়েছে।

সরকারি পরিপত্র অনুযায়ী, ব্যক্তির নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করতে হলে যে জমিতে স্থাপন করা হবে সেই জমি ওই ব্যক্তিকে নিবন্ধন করে দিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

 এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ১৪ অক্টোবর এইচ টি ইমাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। এ বিষয়ে আমার অনুমতি নেওয়া হয়নি। শিগগিরই আমি ডিসি ও ইউএনওকে বলে এ কার্যক্রম বন্ধ করে দেব।’

গতকাল রোববার যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, উপদেষ্টা বিষয়টি জানার পর বিদ্যালয়ের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ২০১১ সালে সারা দেশে ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ’ প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় প্রশাসন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে আটটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এর মধ্যে ছয়টি বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়ার পর দরপত্র আহ্বানের মাধ্যমে ভবনগুলো নির্মাণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ভবন নির্মাণের জন্য কয়রা ইউনিয়নের কয়রা রাখালগাছা শাহ আলম প্রাথমিক বিদ্যালয়ের নামে ৪০ শতাংশ, পূর্ণিগাতী ইউনিয়নের মধুপুর সবুরা ছামাদ প্রাথমিক বিদ্যালয়ের নামে এক বিঘা, সলপ ইউনিয়নের শেখপাড়া মোছা. জরিনা প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ, সদরের ভেন্নাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ, বড় পাঙ্গাসী ইউনিয়নের ছোট কোয়ালিবের প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি স্থানীয় ব্যক্তিরা নিবন্ধন করে দেন। পৌর এলাকার এনায়েতপুর এইচ টি ইমাম প্রাথমিক বিদ্যালয়টি এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের জায়গায় নির্মাণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘এইচ টি ইমাম এই এলাকার সন্তান। তাঁর প্রচেষ্টায় এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে বিধায় আমরা তাঁর নামে বিদ্যালয়টির নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এইচ টি ইমাম জনপ্রশাসনের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমান প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা। এ কারণে তৎকালীন স্থানীয় আমলারা তাঁকে খুশি করার জন্য বিধিবহির্ভূতভাবে সরকারি জায়গায় ভবন নির্মাণ করে তাঁর নামে বিদ্যালয়টির নামকরণ করেছেন।

অথচ এই প্রকল্পের পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয় স্থাপনের জন্য ন্যূনতম ৩০ শতক জমি দান করতে হবে। জমি দানকারী ব্যক্তির প্রস্তাবিত নামে বিদ্যালয়ের নামকরণ হবে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ্ আল মাহমুদ জানান, পরিপত্র অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান কারও নামে নামকরণ করতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই প্রতিষ্ঠানের নামে সর্বনিম্ন ত্রিশ শতাংশ জমি নিবন্ধন করে দিতে হবে।

উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কমিটির সদস্য সুজায়েত হোসেন জানান, বিদ্যালয়টি স্থাপনের জন্য গত বছরের ১২ আগস্ট কমিটির সভায় নামকরণ করে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। অনুমোদন পাওয়ার পর প্রকৌশল বিভাগ ভবনটির নির্মাণকাজ শুরু করে।